২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৮

বুধবার সকাল ও মঙ্গলবার রাতে খলিফার হাট বাজারে এ ঘটনা ঘটে বলে সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 09:29 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

ফুটবল খেলাকে কেন্দ্র করে নোয়াখালী সদর উপজেলায় বিএনপির দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আটজন আহত হয়েছেন। 

বুধবার সকাল ও মঙ্গলবার রাতে উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফার হাট বাজারে এ ঘটনা ঘটে বলে সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম জানান। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে খলিফার হাট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে কিছু কিশোর-তরুণের মধ্যে ঝগড়া হয়। পরে দাদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়কের পদ থেকে অব্যাহতি পাওয়া নুরুল আমিনের অনুসারী ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. সুরুজ খেলায় অংশগ্রহণকারীদের দুজনকে মারধর করেন। 

এ নিয়ে সন্ধ্যায় স্থানীয় বিএনপিকর্মী সেকেল মিয়ার সঙ্গে মোবাইল ফোনে সুরুজের কথা কাটাকাটি হয়। রাত সাড়ে ৮টার দিকে খলিফার হাট বাজারে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রাতের ঘটনার জেরে বুধবার সকাল ১১টার দিকে খলিফার হাট বাজারে উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলির শব্দ পাওয়া যায় বলে স্থানীয়রা অভিযোগ করেন। আহতদের ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিএনপি কর্মী সেকেল মিয়া বলেন, “খলিফার হাট স্কুল মাঠে মঙ্গলবার ফুটবল খেলা নিয়ে ছোট ছোট ছেলেদের মধ্যে ঝগড়া হয়। এরপর সুরুজ আমার এলাকার দুই ছেলেকে মারধর করে। আমি ফোনে তার কাছে এ বিষয়ে জানতে চাইলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে রাত সাড়ে ৮টার দিকে তার লোকজন নিয়ে খলিফার হাট বাজারে এসে গুলি করে এবং বাজারের লোকজনের ওপর হামলা চালায়।” 

তিনি বলেন, হামলায় পথচারী হিমেল (৩০) ও অটোরিকশা চালক সিরাজুল ইসলাম (৩৮) সহ পাঁচজন আহত হয়। হিমেল ও সিরাজুলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সেকেল মিয়ার অভিযোগ, “সুরুজ একজন মাদক কারবারি। বহিষ্কৃত বিএনপি নেতা নুরুল আমিনের ছত্রছায়ায় সে সবসময় এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে।”

এ বিষয়ে দাদপুর ইউনিয়ন বিএনপির নেতা নুরুল আমিন বলেন, “স্কুল মাঠে খেলা নিয়ে ছেলেদের মধ্যে ঝগড়া হয়েছে। এখানে আমি বা আমার লোকের সম্পৃক্ততা ছিল না। অথচ এর জেরে মঙ্গলবার রাতে সেকেলের লোকজন খলিফার হাট বাজারে আমার কার্যালয়ে অতর্কিতে হামলা ভাঙচুর চালায়। তারা আমাকে লক্ষ্য করে শটগানের গুলি ছোড়ে। একটি স্পিন্টার আমার শরীরে লেগেছে।” 

তিনি বলেন, এ ছাড়া গাজী আলম (৫০), পথচারী দিপু (৩০), কাশেম (৪৫) ও রুবেল (৪০) নামে চারজন হামলায় আহত হয়েছে। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

নুরুল আমিন বলেন, রাতের ঘটনার পর সকাল ১১টার দিকে প্রতিপক্ষ আবারও বাজারে হামলা, ভাঙচুর চালিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে যুবদল নেতা মো. সুরুজের মোবাইলে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।

সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।