Published : 29 May 2026, 10:45 PM
ফরিদপুরের সদরপুর উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছে পুলিশ।
শুক্রবার বিকালে উপজেলার চর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে সদরপুর থানার ওসি মো. আব্দুল আল মামুন শাহ জানান।
নিহত কাজী সিরাজুল ইসলাম (৫৭) ওই গ্রামের বাসিন্দা। তিনি মানিকগঞ্জে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, বিকালে সিরাজুল মানিকগঞ্জ থেকে বাড়িতে আসেন বোনদের কোরবানির মাংস দেওয়ার জন্য। আসার পর তিনি দেখতে পান বাড়ির কয়েকটি গাছ কাটা হয়েছে। তখন তিনি ভাতিজা সুমনের কাছে গাছ কাটার বিষয়টি জানতে চান। কিন্তু সুমন কোনো সদুত্তর দিতে পারেননি। এ নিয়ে সিরাজুলের সঙ্গে সুমনের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে সুমন (৪০) ও তার ভাই তুষার (৩২) হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে সিরাজুলকে বেদম মারপিট করেন। আরেক ভাতিজা মাসুদ রানা (৪০) ঠেকাতে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।
পরিবারের সদস্যরা আহত সিরাজুল ইসলামকে শহরের হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাসুদ রানাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর সুমন ও তার ভাই তুষার এলাকা ছেড়ে পালিয়ে যান।
সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজারা চাচাকে পিটিয়ে হত্যা করেছে বলে জানতে পেরেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি বলেন, এখন পর্যন্ত নিহতের পরিবার অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।