২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল যাওয়ার পথে বাইসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

যশোরে রাস্তার ভাঙায় চাকা পড়ে বাইসাইকেলের পেছনে বসা ছোট ভাই পড়ে গেলে পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয় বলে জানায় পুলিশ।

স্কুল যাওয়ার পথে বাইসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
যশোরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া বড় ভাই ইয়াসিন আরাফাত সাদের বাইসাইকেলের পেছনে বসা ছোট ভাই ইয়াসির আরাফাত শিষ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 05:02 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোর সদর উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া বড় ভাইয়ের সঙ্গে বাইসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে পড়ে গিয়ে ট্রাকচাপায় শিশু শ্রেণির শিক্ষার্থী ছোট ভাই নিহত হয়েছে।

বুধবার সকালে উপজেলার শহরতলীর শেখহাটি বাবলাতলায় এ ঘটনা ঘটে বলে জানান যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত।

নিহত সাড়ে পাঁচ বছরের ইয়াসির আরাফাত শিষ উপজেলার শেখহাটি দক্ষিণ পাড়ার স্কুল শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে। সে যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

ওসি আবুল হাসনাত বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বড় ভাই ইয়াসিন আরাফাত সাদ বাইসাইকেলে শিষকে নিয়ে স্কুলে যাচ্ছিল। পথে ঢাকা-যশোর মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাকের পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার ভাঙায় চাকা পড়ে বাইসাইকেলের পেছনে বসা শিষ পড়ে যায়। 

এ সময় ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে যশোর জিলা স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাদের কোনো ক্ষতি হয়নি।

শিষের বাবা শাহাবুদ্দিন বলেন, বড় ছেলে সাদ ছোট ভাই শিষকে বাইসাইকেলে করে স্কুলে নিয়ে যায়। একটু পর সাদ দৌড়ে বাড়িতে গিয়ে শিষের মৃত্যুর খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিষের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আবুল হাসনাত।