২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ফ্ল্যাটের দরজা ভেঙে প্রধান শিক্ষিকার লাশ উদ্ধার

“শাহানা বেগম প্রায় চার বছর ধরে ওই বাসায় একা থেকে চাকরি করে আসছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।”

গাজীপুরে ফ্ল্যাটের দরজা ভেঙে প্রধান শিক্ষিকার লাশ উদ্ধার
শাহানা বেগম কালীগঞ্জের ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2025, 09:05 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

গাজীপুর নগরের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটের দরজা ভেঙে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে নগরের মাজুখান পশ্চিমপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান পূবাইল থানার এসআই রফিকুল ইসলাম।

মৃত শাহানা বেগম (৫৭) কালীগঞ্জের ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ছিলেন। তিনি ঢাকার রামপুরা থানার বনশ্রী এলাকার আবদুল আজিজ খানের স্ত্রী। 

এসআই রফিকুল ইসলাম বলেন, শাহানা বেগম পশ্চিমপাড়া এলাকার ‘ফাগুনী’ ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়ায় থেকে স্কুলে আসা-যাওয়া করতেন। তিনি ফ্ল্যাটটিতে একাই বসবাস করতেন।

তিনি বলেন, কয়েকদিন ধরে শাহানা বেগমকে বাইরে বের হতে দেখা যায় না। ঘরের ভেতর থেকেও কোনো সাড়া না পেয়ে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার লাশ পায়।

লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই রফিকুল।

শাহানা বেগমের ছেলে তাওসির আহমেদ খান অনিকের বরাতে রফিকুল ইসলাম বলেন, “শাহানা বেগম প্রায় চার বছর ধরে ওই বাসায় একা থেকে চাকরি করে আসছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। আগে তার হৃদযন্ত্রে রিং (স্টেন্ট) বসানো হয়েছিল।”

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।