২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ২ যুবক

গ্রেপ্তাররা ভারত থেকে অবৈধ পথে অস্ত্র ও মাদক এনে বিক্রি করতেন বলে দাবি র‌্যাবের।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 03:26 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

কুমিল্লা সদর উপজেলা থেকে একাধিক মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও মাদক জব্দ করা হয়। 

গ্রেপ্তাররা ভারত থেকে অবৈধ পথে অস্ত্র ও মাদক এনে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন বলে দাবি র‌্যাবের।

সোমবার রাতে উপজেলার ভাটকেশ্বর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কুমিল্লা র‍্যাব-১১ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

গ্রেপ্তাররা হলেন- ওই গ্রামের জসিমের ছেলে রিয়াদ হোসেন (২৯) এবং একই গ্রামের প্রয়াত মঞ্জিল মিয়ার ছেলে মামুন মিয়া (২৯)। গ্রেপ্তারদের মধ্যে অস্ত্র ও মাদক আইনে রিয়াদের বিরুদ্ধে ১৮টি এবং মামুনের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে মেজর সাদমান ইবনে আলম বলেন, রাতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগাজিন, ৮৫ বোতল স্কাফ সিরাপ, গাঁজা ও বিয়ারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি বলেন, “রিয়াদ ভারত থেকে অস্ত্র ও মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে সরবরাহ করতেন। এ ছাড়া তিনি চাঁদাবাজি, ডাকাতি, ভয়ভীতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। আর রিয়াদের সহযোগী হিসেবে কাজ করতেন মামুন মিয়া।”