২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন পেছাতেই বিএনপি নেতার বাড়িতে আগুন: এ্যানি

লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্তা বাজার জামে মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 07:14 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

আগামী নির্বাচন পেছাতেই লক্ষ্মীপুর সদর উপজেলায় বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেছেন, “কোনোভাবেই যেন এই নির্বাচনটাকে কেউ পিছিয়ে না দিতে পারে। এই নির্বাচনের সঙ্গে আপনার, আমার, ব্যবসায়ীদের, সব মানুষের ভাগ্য জড়িত। বাংলাদেশের ভাগ্য জড়িত। 

“এই নির্বাচনকে যারা পিছিয়ে দিতে চায়, যারা বাধাগ্রস্ত করতে চায়, তারাই এ ধরনের কর্মকাণ্ডের (বিএনপি নেতার বাড়িতে আগুন) সঙ্গে জড়িত হতে পারে। খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।”

সোমবার আসর নামাজ শেষে আগুনে নিহত আয়েশা আক্তার বিনতির (৮) আত্মার মাগফেরাত কামনায় লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্তা বাজার জামে মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। 

এ সময় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতির (১৭) সুস্থতায় দোয়া কামনা করা হয়। 

নেতাকর্মীদের উদ্দেশে এ্যানি চৌধুরী বলেন, বেলালের পরিবারের পাশে দাঁড়াতে হবে। পরিবারটির খোঁজ খবর নেবেন। তাদের আত্মীয়-স্বজনকে একটু সহানুভূতি দিয়ে সাহায্য সহযোগিতা করবেন। বেলালের ব্যবসায়িক প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন। 

“কোনোভাবেই পরিবার এবং বেলাল যেন হুমকির মুখে না পড়ে। আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। এই পরিবারের জন্য যা কিছু দরকার তা আমরা করবো।” 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আবুল হাশেম, সদর (পূর্ব) বিএনপি সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন। 

শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের ঘরে আগুন দেওয়া হয়। এতে তার মেয়ে আয়েশা মারা যায়। 

এ ছাড়া বেলালসহ তার দুই মেয়ে স্মৃতি ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। ৯০ শতাংশ পোড়া শরীর নিয়ে স্মৃতি ঢাকা মেডিকেল কলেজে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বেলাল দগ্ধ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা শেষে বিথি পরিবারের কাছে রয়েছে। 

আরও পড়ুন:

বিএনপি নেতার বাড়িতে আগুন: 'তালা লাগানোর' প্রমাণ পায়নি পুলিশ

লক্ষ্মীপুরে তালা লাগিয়ে বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগ, শিশুর মৃত্যু