১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে তালা লাগিয়ে বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগ, শিশুর মৃত্যু

ওই নেতার আরও দুই মেয়ে দগ্ধ হয়েছে, তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 08:21 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরের দরজায় তালা লাগিয়ে চারপাশে পেট্টোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে এক শিশু দগ্ধ হয়ে মারা গেছে। আহত হয়েছেন ‍তিনজন। 

শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ।

নিহত সাত বছর বয়সী আয়েশা আক্তার ওই গ্রামের বেলাল হোসেনের মেয়ে। বেলাল ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুতার গোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসায়ী। তার বাড়ি বাজারের পশ্চিম পাশে।

বেলালসহ আগুনে দগ্ধ হয়েছে তার দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার। 

পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি ওয়াহিদ বলেন, রাতে বেলাল তার স্ত্রী-সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাহির থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় কে বা কারা। 

মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার অপর দুই মেয়েকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। 

অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী ও স্মৃতিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থায় আশঙ্কাজনক। দুইজনের শরীরের অধিকাংশই পুড়ে গেছে। 

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।  এই সময় নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। 

ওসি ওয়াহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কী পরিকল্পিতভাবে নাশকতা কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।