নাটোরে তিন যানের সংঘর্ষে প্রাণ গেল চালকের
আহত তিনজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদরে দুই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে; এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার সকালে শহরের দত্তপাড়া ব্রিজে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি সাজেদুর রহমান সাজিদ।
নিহত দিপু মণ্ডল (২০) যশোরের কোতয়ালী থানার বড় হয়বিয়তপুর এলাকার বাসিন্দা। তিনি ট্রাকের চালক ছিলেন। আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
ওসি বলেন, সকালে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে বগুড়াগামী গম বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি শহরগামী একটি ইজিবাইকে চাপা দেয়।
তিনি বলেন, এ সময় গম বোঝাই ট্রাকটি ব্রিজ থেকে নিচে উল্টে যায় এবং ইজিবাইকটি পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে।
“এ ঘটনায় আহত চারজনকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় থপার বোঝাই ট্রাকের চালক দিপু মণ্ডল মারা যান।”
এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।
