২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 08:47 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন।

এ ঘটনায় আহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন (৪২), হাবিবুল্লাহ মিয়া (৫৫), মো. পিয়ারিম (৪০), আসমা বেগম (৫০), মো. মোবারক (২২), মো. ইব্রাহিম (২৩) ও মো. কামাল হোসেন (৩৪)।

তাদের মধ্যে মো. গিয়াস উদ্দিন, হাবিবুল্লাহ মিয়া, মো. পিয়ারিম ও আসমা বেগমকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

হামলার শিকার ব্যক্তিরা বিএনপির সমর্থক বলে জানান খাগকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি নেতা মো. জাকারিয়ার সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. শাহ আলমের পুরনো রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। ৫ আগস্টের পরও তাদের সমর্থকদের মধ্যে একাধিকবার মারামারির ঘটনাও ঘটেছে। গত মার্চেও মারামারির ঘটনার পর শাহ আলম ও তার অনুসারীরা গ্রামছাড়া ছিলেন।

ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, বৃহস্পতিবার ভোরে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শাহ আলম তার অর্ধশতাধিক অনুসারীদের নিয়ে গ্রামে হামলা চালায় এবং বিএনপি সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এ সময় হাতবোমা সদৃশ বস্তুর বিস্ফোরণও ঘটানো হয়। পরে গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

ইউনিয়ন বিএনপি নেতা জাকারিয়া বলেন, আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিতে নাশকতা ঠেকাতে তারা রাতভর গ্রামে পাহরায় ছিলেন। ভোরের দিকে বাসায় ফিরে যাওয়ার পর এ হামলার ঘটনা ঘটে।

“শাহ আলমের লোকজন টার্গেট করে এ হামলা করছে। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তারা ১২টা বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। মাইকে ঘোষণার পর গ্রামবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দেয় কিন্তু তারা পালিয়ে যায়।”

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা করা হবে বলেও জানান বিএনপি নেতা।

এ বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা মো. শাহ আলমের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে। 

রাত পৌনে ৮টা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি জানিয়ে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে, আওয়ামী লীগের নেতা শাহ আলম ও তার অনুসারীদের হামলার তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে হাতবোমা সদৃশ বস্তু বিস্ফোরণের আলামতও মিলেছে। তবে, হামলাকারীদের কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।”