২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

এ সময় ঘটনাস্থলেই দুজনের; হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2025, 02:54 PM

Updated : 26 Aug 2026, 11:37 AM

নাটোরের লালপুরে একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কদিমচিলানের সেকচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে লালপুরের ওয়ালিয়া পুলিশ ফাড়ির এসআই মো. কামরুজ্জামান জানান।

নিহতরা হলেন- লালপুরের ধলা হিন্দুপাড়া এলাকার শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), একই এলাকার রতন সরকারের ছেলে স্বপন সরকার (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে এসআই কামরুজ্জামান বলেন, “তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এ সময় ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যান। গুরুতর আহত অবস্থায় স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।”

দুর্ঘটনার পরেই ট্রাকচালক পালিয়ে যান জানিয়ে তিনি বলেন, “আমরা ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ”