১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বাধীনতা-সার্বোভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরী: হেলাল উদ্দিন

“আওয়ামীলীগ শুধু একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার জন্য বাকশালী ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করেছিল।“

স্বাধীনতা-সার্বোভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরী: হেলাল উদ্দিন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রোববার রাঙ্গুনিয়ায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘প্রথম’ কবরে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2024, 08:47 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। 

রোববার বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘প্রথম’ কবরে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন। 

বেশ কয়েক বছর পর এবার জিয়াউর রহমানের কবর ঘিরে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত হয়।  আগে পুলিশি বাধার কারণে নেতাকর্মীদের মিছিল এবং সমাধিতে প্রবেশে নানা বিধিনিষেধ থাকত বলে দলটির নেতাদের দাবি। 

শ্রদ্ধা নিবেদনের সময় কেন্দ্রীয় নেতা হেলাল উদ্দিন বিএনপি প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “আওয়ামী লীগ শুধু একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার জন্য বাকশালী ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করেছিল। বিএনপি প্রতিষ্ঠা করে সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।”

বিএনপি অংশগ্রহণমূলক, সুষ্ঠু নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছে বলে মন্তব্য করে হেলাল উদ্দিন বলেন, “দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির রাজপথে আপোষহীন ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়।”

নগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ বলেন, “নির্বাসিত গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীরা অকাতরে জীবন দিয়েছে। গণতন্ত্র সমুন্নত ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিএনপির উদ্যোগের ফলশ্রুতিতে বিএনপি দেশবাসীর কাছে এখন সর্বাধিক জনপ্রিয় দল। 

“জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুন্ন রেখে দেশমাতৃকার সেবায় নিজেদের নিবেদন করে বিএনপি আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।”

শ্রদ্ধা নিবেদন পর্বের পর জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

সেখানে অন্যান্যের মধ্যে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এস কে খোদা তোতন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইকবাল চৌধুরী, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, মঞ্জুর আলম চৌধুরী, মো. কামরুল ইসলাম, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।