২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ-৩: বিএনপির নামেই ফরম নিলেন বঞ্চিত নেতা

এই আসনে বিএনপি প্রার্থী ভিপি আইনুল হকও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 09:43 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন না পেলেও দলের নামেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর।

সোমবার বিকালে তাড়াশ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির উপদেষ্টা পরিষদ এই সদস্য।

এই আসনের বিএনপি প্রার্থী ভিপি আইনুল হক এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ বিষয়ে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, “রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে সিরাজগঞ্জ-৩ আসন গঠিত। আগে এই আসনে আওয়ামী লীগ তাড়াশ ও রায়গঞ্জ দুই উপজেলা থেকেই তাদের প্রার্থী মনোনীত করেছে। কিন্তু বিএনপি বরাবরের মত এবারও রায়গঞ্জ উপজেলা থেকেই দলের প্রার্থী মনোনীত করেছে।

“এক্ষেত্রে তাড়াশ উপজেলাকে বরাবরই বঞ্চিত করা হয়েছে। যে কারণে দলের মনোনয়ন না পেলেও দলের নামেই আমি ফরম সংগ্রহ করেছি। আমি বিশ্বাস করি, প্রার্থী মনোনয়ন দল পুনর্বিবেচনা করবে।”

জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, “দলের নাম ব্যবহার করে একই আসনে একাধিক প্রার্থী মনোনয়ন সংগ্রহে কোনো বাধা নেই। তবে দল থেকে যাকে প্রতীক বরাদ্দ দেবে, সেই হবেন দলের প্রার্থী। এক্ষেত্রে অন্যদের মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।”