১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আগামী বছরের জুনে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস: প্রতিমন্ত্রী

গাজীপুরের কামতা-২ এবং তিতাস গ্যাসক্ষেত্রের তিনটি থেকে এ গ্যাস পাওয়া যাবে বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত।

আগামী বছরের জুনে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস: প্রতিমন্ত্রী
গাজীপুরের কালীগঞ্জে কামতা গ্যাস ফিল্ডে মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2026, 10:19 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

চার কূপের গ্যাস উত্তোলনের মাধ্যমে আগামী বছরের জুন নাগাদ জাতীয় গ্রিডে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হওয়ার কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, “কামতা-২ এবং তিতাস গ্যাসক্ষেত্রের তিনটিসহ মোট চারটি নতুন কূপ খনন শুরু হয়েছে। এসব কূপ থেকে আগামী বছরের জুনের মধ্যে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।”

বুধবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কামতা গ্যাস ফিল্ডে মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আমদানি নির্ভরতা কমিয়ে দেশে গ্যাস উৎপাদন বাড়িয়ে জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ করার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “নতুন গ্যাস উৎপাদন শুরু হলে সংকটে বন্ধ বা আংশিক চালু থাকা শিল্পকারখানাগুলো পূর্ণোদ্যমে উৎপাদনে ফিরতে পারবে। 

“এতে যেমন শিল্পখাত গতিশীল হবে, তেমনি সৃষ্টি হবে হাজার মানুষের কর্মসংস্থান।”

“দেশে গ্যাস উৎপাদন বাড়লে বিদেশ থেকে জ্বালানি আমদানির প্রয়োজন কমবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে”, বলে যোগ করেন অনিন্দ্য ইসলাম।

অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামাণিক, পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান এবং প্রকল্প পরিচালক প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।