পাঁচ দিনের কর্মবিরতি ভেঙে সেবায় ফিরেছেন কক্সবাজারের চিকিৎসকরা
২০ সেপ্টেম্বরের মধ্যে প্রশাসনে দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হলে ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
কক্সবাজার জেলা সদর হাসপাতালে রোগীর মৃত্যুর জেরে হামলা-ভাঙচুরের ঘটনায় কর্মবিরতিতে যাওয়ার পঞ্চম দিনে প্রশাসনের আশ্বাসে সেবায় ফিরেছেন চিকিৎসকরা।
রোববার বিকাল থেকে চিকিৎসকরা তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরেছেন বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আশিকুর রহমান।
রোববার দুপুর ১২টার দিকে ডিসি, সিভিল সার্জন ও পুলিশ সুপারের নেতৃত্বে প্রশাসনের একটি দল হাসপাতাল পরিদর্শন শেষে অনুষ্ঠিত বৈঠকে দাবি পূরণের আশ্বাসে আন্দোলনকারীরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন বলে জানান, আরএমও আশিকুর।
মঙ্গলবার রাত দেড়টার সময় হাসপাতালটির সিসিইউ বিভাগে ভর্তি থাকা কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার আবদুল আজিজ নামের এক রোগীর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ব্যথানাশক ইনজেকশন পুশ করার পরই তার মৃত্যু হয়। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতালের ভেতরেই ক্ষোভে ফেটে পড়েন তার স্বজনেরা। এক পর্যায়ে তারা কর্তব্যরত চিকিৎসক সজীব কাজীকে মারধর করার পাশাপাশি হাসপাতালে ভাঙচুর চালান।
চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত হওয়াকে কেন্দ্র করে পরদিন সকাল থেকে কর্মবিরতি শুরু হয়। এর মধ্যে আহত চিকিৎসক বাদী হয়ে একটি মামলাও করেছেন। ইতোমধ্যে পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে।
সিসি ক্যামেরার ভিডিও দেখে অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরএমও আশেকুর রহমান বলেন, রোববার আন্দোলনরত চিকিৎসক ও নার্সসহ অন্যদের নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক হয়েছে ডিসি, এসপি ও সিভিল সার্জনের নেতৃত্বে প্রশাসনের একটি দলের। বৈঠকে প্রশাসনের পক্ষে কক্সবাজার সদর হাসপাতাল, চিকিৎসক, নার্সদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। একইসঙ্গে কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় জড়িত চিহ্নিতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও আশ্বাস দেওয়া হয়।
তিনি বলেন, আশ্বাস পেয়ে রোববার বিকাল থেকে কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসা সেবা প্রদান শুরু হয়েছে। এখন জরুরি বিভাগসহ হাসপাতালের সবগুলো বিভাগে স্বাভাবিক কার্যক্রম চলছে। কর্মবিরতি প্রত্যাহারের পরপরই শুরু হয়েছে নতুন রোগীদের জরুরি সেবাসব ওয়ার্ডে ওয়ার্ডে রোগীদের ভর্তির কার্যক্রম।”
যদি আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রশাসনে দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হয় তাহলে পরদিন থেকে আন্দোলনকারীরা আবারও কর্মবিরতি পালন শুরু করবেন বলে জানান হাসপাতালের এ আরএমও।
আশিকুর রহমান বলেন, “চিকিৎসকরা আন্তরিক প্রচেষ্টায় রোগীদের সর্বোচ্চ সেবা প্রদান করে থাকেন। কোনো রোগী মারা যাক চিকিৎসকরা এটা চান না। জটিল রোগে আক্রান্ত হলে তাকে বাঁচানো কঠিন হয়ে যায়। এই পরিস্থিতিতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
এসপির বরাতে আরএমও বলেন, হাসপাতালের স্থায়ী নিরাপত্তায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস দিয়েছে প্রশাসন। এটি বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে। তাই অন্তর্বর্তী নিরাপত্তার জন্য বাড়ানো হবে পুলিশ ও আনসারের সংখ্যা।”
আরও পড়ুন:
