Published : 20 Jun 2026, 06:15 PM
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত ১৩তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে হারিয়ে তারা এ সাফল্য অর্জন করে।
শুক্রবার বিকালে ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয় ছিল- ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজন নয়, প্রশমনই অধিক গুরুত্বপূর্ণ।’
এবারের প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৪০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানির পাশাপাশি ক্রেস্ট দেওয়া হয়।
চূড়ান্ত পর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে অংশ নেন দর্শন বিভাগের শিক্ষার্থী নিলয় সাহা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মামুনুজ্জামান স্নিগ্ধ এবং আইন বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম সন্ধি।

চ্যাম্পিয়ন দলের সদস্য নিলয় সাহা বলেন, “পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে পরিবেশ অধিদপ্তরের এ জাতীয় বিতর্ক আয়োজন প্রশংসনীয়। টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন হওয়ার অর্জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতর্কচর্চার ধারাবাহিকতারই প্রতিফলন।
“ভবিষ্যতে আরও বেশি তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ আয়োজনের পরিধি বাড়ানো হবে বলেই প্রত্যাশা করছি।”
আরেক সদস্য মামুনুজ্জামান স্নিগ্ধ বলেন, “টানা তিনবার চ্যাম্পিয়ন সম্ভবত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের হয়নি। এ ধারাবাহিকতা ধরে রাখা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে আমরা সেটা করতে পেরেছি।
“রাজশাহী বিশ্ববিদ্যালয় বরাবরই জাতীয় পর্যায়ের বিতর্কে ভালো ফল করে আসছে। সামনে এমন আরও অনেক সাফল্য অর্জনের প্রত্যাশা আমাদের রয়েছে।”
তবে বিতর্ক কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আমলাতান্ত্রিক নানা জটিলতার কথা তুলে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।