১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সারদা পুলিশ একাডেমিতে ৮ রাসেলস ভাইপার পিটিয়ে হত্যা

তবে বিশেষজ্ঞরা বলছেন, ওই জায়গায় আরও সাপের বাচ্চা থাকতে পারে।

সারদা পুলিশ একাডেমিতে ৮ রাসেলস ভাইপার পিটিয়ে হত্যা
বাংলাদেশ পুলিশ একাডেমি চত্বরে আটটি রাসেলস ভাইপারের বাচ্চা মারা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2024, 09:13 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় পদ্মার পাড়ে অবস্থিত পুলিশ একাডেমি চত্বর থেকে আটটি রাসেলস ভাইপারের বাচ্চা উদ্ধার করা হয়েছে। পুলিশ সদস্যরা লাঠি দিয়ে পিটিয়ে বাচ্চাগুলো মেরে ফেলেন। 

তবে বিশেষজ্ঞরা বলছেন, ওই জায়গায় আরও সাপের বাচ্চা থাকতে পারে। 

পদ্মা নদীর অববাহিকাজুড়ে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কের মধ্যে সারদা পুলিশ একাডেমিতে এই সাপ উদ্ধারের ঘটনা ঘটল। পুলিশ একাডেমি একেবারে পদ্মা নদীর ধার ঘেঁষে অবস্থিত। একাডেমির আঙিনার পাশেই পদ্মা নদীর চর।

বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার তারেক লতিফ রোববার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, “আটটি বাচ্চার কথা শুনেছি। আরও হয়তো থাকতে পারে।”

তিনি বলেন, “বাচ্চাগুলো বের হয়েছিল। ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা ওগুলো মেরেছেন। মাসখানেক আগেও একাডেমির অধ্যক্ষের বাসভবনের সামনে একটি বড় রাসেলস ভাইপার সাপ মেরেছেন পুলিশ সদস্যরা।”

রাজশাহী বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির ও চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের প্রধান প্রশিক্ষক বোরহান বিশ্বাস ছবি দেখে এগুলো রাসেলস ভাইপারের বাচ্চা বলে নিশ্চিত করেছেন।

বোরহান বিশ্বাস বলেন, “একাডেমি প্রাঙ্গণে এ রকম আরও বাচ্চা থাকার কথা। এই সাপ অত্যন্ত অলস প্রকৃতির। যেখানে দেখা যায়, সেখানেই অন্তত দু-তিন ঘণ্টা পর্যন্ত থাকে। এমনকি দুই থেকে তিন দিন পর্যন্ত থাকতে দেখা যায়। 

“তাই এদের দেখা পেলে না মেরে বনবিভাগে খবর দেওয়া উচিত। তাদের দ্রুত উদ্ধার দল রয়েছে। তারা গিয়ে সাপ উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করতে পারে।” 

বোরহান বিশ্বাস বলেন, ২০১২ সালের বন্যপ্রাণী আইন দ্বারা রাসেলস ভাইপার সংরক্ষিত প্রাণী। আইন অনুযায়ী রাসেলস ভাইপার সাপ মারা, ধরা ও বহন করা দণ্ডণীয় অপরাধ।