২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় আহত মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বিরোধপূর্ণ জায়গায় থাকা গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় আহত মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
আবুল কালাম

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2025, 03:28 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

নরসিংদীর মনোহরদীতে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। 

শনিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার জানান।

নিহত হাফেজ আবুল কালাম (৩২) উপজেলার চালাকচর ইউনিয়নের দক্ষিণ কাচিকাটা এলাকার আব্দুল আওয়ালের ছেলে। 

তিন সন্তানের জনক আবুল কালাম স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসার শিক্ষক ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আবুল কালামের বাবা আব্দুল আওয়ালের সঙ্গে প্রতিবেশি শহীদ উল্লাহর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে বিরোধপূর্ণ গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে শহিদুল্লাহ তার পরিবারের লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল আওয়ালের পরিবারের সদস্যদের উপর হামলা চালায়।

এতে আউয়াল (৬৫), তার বড় ছেলে আবু বাক্কার (৪০) মেজো ছেলে আবুল কালাম (৩২) এবং আওয়ালের পুত্রবধূ হাবিবা (২৮) সহ পাঁচজন গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। 

তাদের মধ্যে হাফেজ আবুল কালাম শনিবার রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার দিনই দুইজনকে গ্রেপ্তার করা হয়। শহিদুল্লাহসহ জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”