‘প্রাণনাশের হুমকি’র পর আমির হামজার পক্ষে জিডি
পুলিশ বলছে, সোমবার রাত সাড়ে ১১টায় আমির হামজার শ্যালক আবু বক্কর জিডি করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি করা হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, সোমবার রাত সাড়ে ১১টায় আমির হামজার শ্যালক আবু বক্কর জিডি করেছেন।
সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে আমির হামজা কূটক্তি করেছেন বলে বিএনপি অভিযোগ করেছে। এরপর থেকেই আমির হামজাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জিডিতে অভিযোগ করা হয়েছে।
মামলার বাদী আবু বক্কর বলেন, “অব্যাহত হুমকির মুখে আমির হামজা এরই মধ্যে তার সব ওয়াজ মাহফিল স্থগিত করে দিয়েছেন। একদিকে প্রাণনাশের হুমকি, অন্যদিকে মামলা। এসব কারণে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্কিত ও শঙ্কিত। আমরা শান্তিপূর্ণ প্রতিকার চাই। কোনো রাজনৈতিক প্রতিহিংসার জন্ম হোক সেটা আমরা চাই না।”
এ বিষয়ে জানতে আমির হামজার মোবাইলে ফোন করলেও তিনি ধরেননি।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, জিডির ব্যাপারে আইনগত পরামর্শ ও নির্দেশনা চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
