ভাষা আন্দোলন-মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী শহীদ মিনার ভেঙে ‘কৃতি শিক্ষার্থী ফলক’
সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান বলেন, “আমরা এই ঐতিহাসিক শহীদ মিনার সম্পর্কে জানতাম না।”
ভাষা আন্দোলন ও মক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সুনামগঞ্জ সরকারি কলেজ চত্বরের শহীদ মিনারটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে সেখানে এখন নির্মাণ করা হচ্ছে ‘কৃতি শিক্ষার্থীর ফলক’।
এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা।
শহীদ মিনারটি সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন দিয়েছে ছাত্রদল।
ষাট ও সত্তরের দশকের সাবেক শিক্ষার্থীরা বলেন, মুক্তিযুদ্ধের সময় এই শহীদ মিনার পাকিস্তানি সেনাবাহিনী গুঁড়িয়ে দিয়েছিল। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা সেটি আবার যথাস্থানে পুনর্নির্মাণ করেন। এটি এখানকার মুক্তিযোদ্ধাদের আবেগের বিষয়।
তবে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান বলেন, “আমরা এই ঐতিহাসিক শহীদ মিনার সম্পর্কে জানতাম না। এখন ভাঙার পর আমরা জানতে পেরেছি।”
ক্যাম্পাসের পুকুরঘাটের সামনে পুরনো ভবনের বারান্দা ঘেঁষা শহীদ মিনারটি ষাটের দশকে ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য নির্মিত হয়।
কলেজের সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা বলেন, সাবেক ছাত্রনেতারা এটি নির্মাণে ভূমিকা রাখেন। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এটি ভেঙে ফেলে।
পরে ১৯৭২ সালে কলেজের যুদ্ধজয়ী ছাত্র মুক্তিযোদ্ধারা নিজদের উদ্যোগে ছাত্র সংসদের মাধ্যমে আগের স্থানে আবারও একই আদলে শহীদ মিনারটি পুনর্নির্মাণ করেন। তাই শহীদ মিনারটি একই সঙ্গে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতিনিধিত্ব করছে বলে তারা বলেছেন।
এক দশক আগে কলেজের পশ্চিমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্দিষ্ট ডিজাইনে আরেকটি শহীদ মিনার নির্মাণ করলেও ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই শহীদ মিনার ভাঙেনি।
সাবেক শিক্ষার্থীরা বলেন, ২০১৯ সালে সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপিত হয়। এ উপলক্ষে ভাস্কর হামিদুজ্জামানের মাধ্যমে কৃতি শিক্ষার্থী ফলক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় এই খাতে প্রায় ২০ লাখ টাকা বরাদ্দ দেয়। ২০২৪ সালে কৃতি শিক্ষার্থী ফলক নির্মাণের জন্য কলেজের শিক্ষকদের একটি অংশ পুরনো শহীদ মিনার ভাঙার প্রসঙ্গ তুললে সাফ না করে দেন তৎকালীন অধ্যক্ষ রজত কান্তি সোম মানস। তিনি জানিয়ে দেন, এই শহীদ মিনার ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতিনিধিত্ব করছে। স্থানীয় আবেগ এতে জড়িত।
প্রায় দুই মাস আগে ‘কৃতি শিক্ষার্থী ফলক’ এর কাজ শুরু হলে বাস্তবায়নকারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঘটনাস্থলে গিয়ে কলেজের প্রবেশপথে তোরণের উত্তরের দিকে এটি নির্মাণের স্থান নির্বাচন করে। তখন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের কিছু সদস এতে বাধা দেন। তারা পুরনো শহীদ মিনার ভেঙে সেখানে ‘কৃতি শিক্ষার্থী ফলক’ নির্মাণের কথা বলেন।
এসময় প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্টরা জানান, এখানে করতে হলে পুরনো স্থাপনা ভাঙতে হবে। এ খাতে কোনো বরাদ্দও নেই। কিন্তু কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেয়, নির্মাণ করতে হলে এখানেই করতে হবে।
পরে ঠিকাদারকে বলে, পুরনো শহীদ মিনারটি গুঁড়িয়ে ‘কৃতি শিক্ষার্থী ফলক’ নির্মাণের কাজ শুরুর সুযোগ করে দেয় কলেজ কর্তৃপক্ষ।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে শহীদ মিনারটি গুঁড়িয়ে দেওয়ার ছবি ভাইরাল হয়। তখন অনেকে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু করেন; অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সাবেক শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানান।
পরে এ ঘটনায় সোমবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল অধ্যক্ষর কাছে স্মারকলিপি দেয়। তারা অবিলম্বে কাজ বন্ধ রেখে পুরনো শহীদ মিনার পুনর্নির্মাণের দাবি জানিয়েছে।
স্মারকলিপি প্রদানকারী সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বখতিয়ার ইয়াসির নাঈম বলেন, “এই শহীদ মিনার শুধু একটি স্থাপনা নয়; এটি মহান ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের অংশ। জেলাবাসী, বর্তমান ও সাবেক শিক্ষার্থীর আবেগ জড়িত। এটি ভাঙা গণঅবজ্ঞার শামিল।
“অবিলম্বে সেখানে কাজ বন্ধ রেখে শহীদ মিনারকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। এ লক্ষ্যে আমরা অধ্যক্ষ স্যারের সঙ্গে কথা বলে লিখিত স্মারকলিপিও দিয়েছি।”
সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, “এটি নির্মাণের আগে আমি নিজে কলেজে গিয়ে প্রবেশপথের তোরণ ঘেঁষা উত্তর দিকে নির্মাণের জন্য প্রস্তাব দিয়েছিলাম। কলেজের শিক্ষক পরিষদ ও অধ্যক্ষ পুরনো শহীদ মিনার ভেঙে সেখানে নির্মাণের স্থান দেখিয়ে দেন।
“তারাই ঠিকাদারকে বলে পুরনো শহীদ মিনারটি ভাঙিয়েছেন। এখন জেলা প্রশাসকসহ স্থানীয় সুধীজন আমাকে ঐতিহ্যবাহী শহীদ মিনারের কথা বলে কাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।”
বীর মুক্তিযোদ্ধা ও ১৯৭৪ সালে নির্বাচিত ভিপি সাইফুর রহমান শামছু বলেন, “১৯৬৬ সালে আমি কলেজে ভর্তি হয়ে এই শহীদ মিনার দেখেছি। পরে ১৯৭১ সালে হানাদাররা এটি ভেঙে ফেলে। পরে আমরা যারা কলেজের ছাত্ররা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম তারা এসে আবার শহীদ মিনারটি পুনর্নির্মাণ করি।
“এটি আমাদের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতীক। এটিকে এভাবে গুড়িয়ে দেওয়া ইতিহাসের প্রতি অবজ্ঞা। অবিলম্বে আমাদের স্মৃতির শহীদ মিনারটি রক্ষা করা হোক।”
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক চৌধুরী বলেন, “সুনামগঞ্জ সরকারি কলেজের পুরনো শহীদ মিনার জেলার প্রথম ঐতিহাসিক শহীদ মিনার। এটি ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে। এ রকম প্রামাণ্য দলিল থাকার পরও কিভাবে কলেজ কর্তুপক্ষ ভেঙে ফেলল!
“আমাদের ইতিহাস, ঐতিহ্য আর আবেগে আঘাত করার স্পর্ধা কই পেল তারা? আমরা ছাত্রদল এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ কর্মসূচি পালন করব। কর্তৃপক্ষকে ইতিহাস মুছে ফেলার স্পর্ধা দেখানোয় জবাবদিহি করে শাস্তির আওতায় আনতে হবে।”
কবি ও সাংস্কৃতিক সংগঠক মুতাসিম আলী বলেন, “এই শহীদ মিনারটি ভাষা আন্দোলনের কয়েক বছর পর নির্মিত হয়েছিল। পাকিস্তানিরা একাত্তরে এটি গুঁড়িয়ে দিয়েছিল। পরে কলেজের যুদ্ধজয়ী ছাত্ররা একই স্থানে একই আদলে এটি পুনর্নির্মাণ করে। আমাদের আঞ্চলিক ইতিহাসে গৌরবময় স্মৃতিবাহী স্মারক এটি। এভাবে মুহূর্তে ইতিহাসের চিহ্নকে মুছে ফেলা হচ্ছে। কোনোভাবেই এটা মানা যায় না।”
এ ব্যাপারে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান বলেন, “নতুন একটি শহীদ মিনার কয়েক বছর আগে নির্মিত হয়েছে। তাই শিক্ষক পরিষদ ও আমরা ওখানে ‘কৃতী শিক্ষার্থী ফলক’ নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে বলি।
“আমরা এই ঐতিহাসিক শহীদ মিনারটি সম্পর্কে জানতাম না। এখন ভাঙার পর আমরা জানতে পেরেছি। ছাত্ররা স্মারকলিপিও দিয়েছে।”
