নির্যাতিতা থেকে মুক্তিযোদ্ধাদের সহযোগী, জীবন-সংগ্রামে ক্লান্ত রিভা
রাজাকারদের হাতে নির্যাতিত হয়ে পরিবার-সমাজে লাঞ্ছনা-বঞ্চনার শিকার রিভা বেগমের সারাটা জীবন কেটেছে কঠোর লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকারদের হাতে নির্যাতিত হয়ে পরিবার-সমাজে লাঞ্ছনা-বঞ্চনার শিকার গোপালগঞ্জের রিভা বেগমের সারাটা জীবন কেটেছে কঠোর লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে। জীবন সায়াহ্নে এসে এখন তিনি ক্লান্ত।
এক দশক আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে স্বীকৃতি পাওয়া সত্তরোর্ধ্ব রিভা বেগম এখন বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন। আছে আর্থিক সংকটও। একাকীত্বের মধ্যে তার জীবন কাটছে সদর উপজেলার উরফি ইউনিয়নের মধুপুর গ্রামে।
সম্প্রতি গ্রামের বাড়ি গিয়ে কথা রিভা বেগমের সঙ্গে। তিনি তখন বর্ণনা দেন মুক্তিযুদ্ধের সময়কার পরিস্থিতির।
রিভা বেগমের জন্ম উরফি নিচুপাড়া গ্রামের সমাদ্দার বাড়িতে। বাবা আলেক সমাদ্দার, মা নূর জাহান বেগম। রিভারা তিন ভাই, তিন বোন। ভাইবোনদের সঙ্গে ওই গ্রামেই তার শৈশব ও দূরন্ত কৈশোরের সময়টা কাটে। তবে স্কুলে যাওয়া হয়নি কোনোদিন।
মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন রিভার বয়স ১৬। চারদিকে যুদ্ধের দামামা। দিন দিন গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজকারদের তৎপরতা বাড়ছে। তখন মানুষজন নিরাপত্তার জন্য দূর-দূরান্তে চলে যেতে থাকেন। কিছুদিন পর রিভা বেগমের মা নূরজাহান বেগম ভাইবোনদের কয়েকজনকে নিয়ে তার বাবার বাড়ি নড়াইলের নড়াগাতী উপজেলার বাগুডাঙ্গা গ্রামে চলে যান। রিভা, তার ভাই নান্টু সমাদ্দার আর তার বাবা গ্রামের বাড়িতে থাকেন।
কিছুদিন পর গ্রামের পুরুষরাও বাড়ি ছেড়ে দেন। নিরাপত্তার কথা ভেবে রিভার বাবাও বাড়ি ছাড়ার উদ্যোগ নেন। যাওয়ার সময় মেয়ে রিভা ও তার ভাইকে গ্রামের বাড়িতে চাচীদের কাছে রেখে যান। সেটা অগাস্টের মাঝামাঝি সময় হবে।
একদিন রাত সাড়ে ৮টার দিকে রিভার চাচীদের বাড়িতে হাঁস-মুরগি নিতে আসেন রাজাকাররা। তখন রিভার চাচী তাকে অন্য একটি ঘরে চলে যেতে বলেন। যাওয়ার সময় রিভাবে এক রাজাকার দেখে ফেলেন। এবং সেটিই তার জীবনের ‘কাল’ হয়ে দাঁড়ায়। রাজাকাররা রিভাকে ধরে ফেলেন এবং তাকে তাদের সঙ্গে নিয়ে যেতে চান। তখন তার ভাই নান্টু সমাদ্দার বাধা দেন। কিন্তু রিভাকে রাজাকাররা অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।
তাকে নিয়ে রাখা হয় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার একটি ভবনে। সেখানে আগে থেকেই আরও তিন নারী বন্দি ছিলেন। সেই রাতেই রিভা ও অন্যরা নির্যাতনের শিকার হন। নির্যাতন টানা দুদিন-দু রাত চলে। এরপর রিভাকে একটি লঞ্চে তুলে হরিদাসপুরের উদ্দেশে রওনা হন রাজাকাররা। তখন শহরের বেদগ্রামের শান্তি কমিটির সদস্য হারুন তাকে চিনে ফেলেন। তিনি রিভাকে বাথরুমে যাওয়ার নাম করে বালতির রশি বেয়ে নদীতে নেমে পালিয়ে যেতে বলেন। রিভা সাঁতারটা ভালই জানতেন। সেভাবেই নদীতে নেমে যান এবং সাঁতরে ভিজা কাপড়ে গ্রামের বাড়িতে পৌঁছান।
কিন্তু চাচীর বাড়িতে গিয়ে রিভার আশ্রয় মেলেনি; বরং তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তখন পাশের পাইককান্দি গ্রামে গিয়ে এক নারীর কাছে আশ্রয় পান। তিনি তাকে খাবার ও কাপড় দেন।
সেখানেই রিভার সঙ্গে দেখা হয় মুক্তিযোদ্ধা মুক্ত, ফায়েক ও আসাদের সঙ্গে। তিনজন তাকে নিয়ে কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে এক প্রবীণ গ্রাম্য চিকিৎসকের কাছে। তিনি চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তোলেন।
এরপরই রিভা মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিশে যান। তিনি মুক্তিযোদ্ধাদের খাবার, পানি পৌঁছে দেওয়াসহ নানা সহযোগিতা করতে থাকেন। মুক্তিযুদ্ধের পুরো সময়টা রিভা এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে ছিলেন।
দেশ স্বাধীনের পর তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঢাকার রায়ের বাজারে (লক্ষ্মী বাজার) চলে আসেন। পরিবার বিচ্ছিন্ন হয়ে এক নতুন জীবন শুরু হয় রিভার। তিনি মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ শুরু করেন।
১৯৭২ সালে মুক্তিযোদ্ধা সালাহউদ্দিনের সঙ্গে রিভার পরিচয় হয়। সালাহউদ্দিন সব জেনেশুনেই ১৯৭৪ সালে রিভাকে বিয়ে করেন। তাদের প্রথম সন্তান আলাউদ্দিন বাবু ১৯৭৫ সালে জন্মগ্রহণ করে। দ্বিতীয় সন্তান হাসনা আক্তার জন্ম হয় ১৯৮৫ সালে। ভালই চলছিল তাদের সংসার। এর বেশ কিছু দিন পর সালাহউদ্দিন দ্বিতীয় বিয়ে করলে দুই সন্তান নিয়ে আবার টানাপোড়েনের মধ্যে পড়েন রিভা।
আবার নতুন করে শুরু জীবন-সংগ্রাম। মাথার ঘাম পায়ে ফেলে ছেলেমেয়েদের বড় করেন, কিছুটা লেখাপড়াও করিয়েছেন। তাদের বিয়ে দিয়েছেন। ছেলে ঢাকায় থাকে, আর মেয়েকে বিয়ে দিয়েছেন খুলনায়। ছেলেমেয়েরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। রিভা বেগম টিকতে না পেরে ২০১৬ সালে ঢাকা থেকে গোপালগঞ্জ শহরে চলে আসেন। ওই বছর তিনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান।
সরকারের পক্ষ থেকে রিভা বেগমকে মধুপুর গ্রামে তিন কক্ষ বিশিষ্ট একটি ‘বীর নিবাস’ তৈরি করে দেওয়া হয়। সঙ্গে দেওয়া হয় ১৫ শতাংশ জমি। ওই বাড়িতেই তিনি হাঁস-মুরগি পালন করেন, পাশাপাশি শাক-সবজি ফলান। সেখানে রয়েছে কলাসহ বিভিন্ন ফলের গাছ।
এখনও যুদ্ধদিনের সেই ভয়াল স্মৃতির বর্ণনা দিতে গিয়ে রিভা বেগম অশ্রুসিক্ত হয়ে ওঠেন। তিনি বলছিলেন, “দেশ স্বাধীন হয়েছে, আমরা অনেক নারী সম্ভ্রম হারিয়েছি। স্বাধীন দেশে আমাকে গ্রামের লোকজনই তো ছিঃ ছিঃ করত। তাই লজ্জায় গ্রামে আসতাম না।
“আমার খবর শুনে বাবা উন্মাদের মত আচরণ করতেন। বাবার সঙ্গে আমার দেখা হয় আরও পরে। আমার বিয়ের খবর শুনে বাবা স্বস্তি পেয়েছিলেন। আমর জীবন অনেক দুঃখ-কষ্টে গড়া। এখন ‘বীরঙ্গনা’ নয়; মুক্তিযোদ্ধা হিসেবে গ্রামের লোকজন আমাকে চেনে। সরকার আমাকে স্বীকৃতি দিয়েছে।”
রিভা জানান, এর মধ্যে একবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। শরীর কাঁপে। কথা মনে রাখতে পারেন না। শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। এর মধ্যে একা সংসার চালান। ছেলেমেয়ে সাহায্য করার মত অবস্থায় নেই।
রিভা জানান, সোনালী ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়েছে। প্রতিমাসে ২০ হাজার টাকা ভাতা পান। ঋণের কিস্তি হিসাবে মাসে ১৪ হাজার টাকা ব্যাংক কেটে নেয়। হাতে ছয় হাজার টাকা পাই। ওষুধ কিনতেই এ টাকা শেষ হয়ে যায়।
সরকারের কাছে রিভার আকুতি, মেয়েটাকে গোপালগঞ্জে একটা চাকরি ব্যবস্থা করে দেওয়া হোক। তাহলে সে তার কাছে থাকতে পারবে। মাকে দেখাশোনা করতে পারবে। তাহলে হয়ত শেষ জীবনটা তার ভাল যাবে।
