১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৪ মাসের শিশুর মৃত্যু

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৯৮৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 04:47 PM

Updated : 16 Sep 2026, 12:58 PM

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকালের মধ্যে সিলেটের একটি হাসপাতালে শিশুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

মারা যাওয়া চার মাস বয়সী সিবানসু সিলেট সদর উপজেলার বাসিন্দা সেন্টুর ছেলে। সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। 

এদিকে হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩১৭ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১০৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিলেটে এখন পর্যন্ত হামে বা হামের উপসর্গে মারা যাওয়া ১৩৯ জনের মধ্যে ১০ জনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকি ১২৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৯৮৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে।