গাইবান্ধায় মাঠ থেকে চা বিক্রেতার লাশ উদ্ধার
ওসি বলেন, ধারনা করা হচ্ছে মাদক কারবার এং এ সংক্রান্ত অর্থের লেনদেনের দ্বন্দ্বে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাঠ থেকে চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্র্রপুর উচ্চ বিদ্যালয়ের পাশে থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল আহমেদ।
নিহত মহিদুল ইসলাম আলম সরদার (৪৮) ওই গ্রামের নাজির হোসেন সরদারের ছেলে ও স্থানীয় শিবপুর বাজারের চা বিক্রেতা ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, বুধবার রাতে মহিদুল ইসলাম বাড়িতে না ফেরায় স্বজনরা রাতভর তাকে খোঁজাখুঁজি করেন। কিন্তু তাঁর কোনো সন্ধান পায়নি।
পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই এলাকায় মহিদুলের রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, নিহত মহিদুল পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারী ছিলেন। ধারনা করা হচ্ছে মাদক কারবার এং এ সংক্রান্ত অর্থের লেনদেনের দ্বন্দ্বে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে এবং হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান এই কর্মকর্তা।
