২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মাদারীপুর-১ আসনে কামাল জামানের দলীয় মনোনয়ন পুনর্বহালের দাবি

“অন্য কাউকে মনোনয়ন দিলে বিএনপির কর্মীরা তা মানবে না। আমরা চাই না বিরোধ সৃষ্টি হোক। যোগ্য নেতাকে যোগ্য স্থানে বসানো হোক।”

মাদারীপুর-১ আসনে কামাল জামানের দলীয় মনোনয়ন পুনর্বহালের দাবি
মাদারীপুর-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বহালের দাবিতে শিবচরের হাতির মাঠে কামাল জামান মোল্লার জনসভা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 10:38 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে স্থগিত হওয়া বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বহালের দাবিতে সমাবেশ করেছেন কামাল জামান মোল্লার সমর্থকরা।

শুক্রবার বিকালে শিবচর উপজেলার হাতির মাঠে এ কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি স্থগিত হওয়া প্রার্থী কামাল জামান মোল্লা।

বক্তারা বলেন, কামাল জামান মোল্লা বিএনপির একজন ত্যাগী নেতা। তিনি সারা জীবন গণমানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে থেকে লড়াই করেছেন। শিবচর বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। ষড়যন্ত্রকারীরা ভুল তথ্য প্রচার করে কামাল জামানকে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

তাকে মনোনয়ন দেওয়ার পরে তা স্থগিত রাখা একটি ‘সূক্ষ্ম ষড়যন্ত্র’। আজকের এই জনসমর্থন প্রমাণ করে কামাল জামানকে বিএনপির তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষ এমপি হিসেবে দেখতে চায়।

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, “যোগ্য নেতাকে পুনর্বহালের দাবিতে এ জনসভা। মাদারীপুর-১ আসনে যদি বিএনপির কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে আমাদের প্রিয় নেতা কামাল জামান মোল্লাকেই দিতে হবে। 

“অন্য কাউকে মনোনয়ন দিলে বিএনপির কর্মীরা তা মানবে না। আমরা চাই না বিরোধ সৃষ্টি হোক। যোগ্য নেতাকে যোগ্য স্থানে বসানো হোক।”

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা বলেন, “মনোনয়ন স্থগিত হওয়ায় বিএনপির নেতাকর্মী ও জনগণ খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। কিন্তু এই জনসভা বলে দিচ্ছে, নেতাকর্মীরা এমপি হিসেবে আর কাউকে না কামাল জামানকেই চায়। দলের কাছে অনুরোধ করে বলছি, তাকে দ্রুত পুনর্বহাল করা হোক।”

দলীয় মনোনয়ন স্থগিত হওয়া বিএনপি নেতা কামাল জামান মোল্লা বলেন, “তারেক রহমান হাজারো যাচাই বাছাই ও কাজের মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দিয়েছেন। ১৮ বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। অনেকবার জেল খেটেছি। অসংখ্য মামলায় আসামি হয়েছি।

“দলকে সংগঠিত করতে নানা প্রতিকূলতার মধ্যেও মিছিল-মিটিং করেছি। আমার মত ত্যাগী নেতা বাংলাদেশে খুঁজলে খুবই কম পাওয়া যাবে। আমি শিবচরের মাটি ও মানুষের নেতা। মানুষ আমাকে চায়, জনগণের অন্তরে আমি আছি।” 

এর আগে সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়।

সেই খবর শিবচরে ছড়ালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ওই আসনে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর অনুসারীরা। প্রায় দুই ঘণ্টা ধরে তাদের অবরোধের কারণে এক্সপ্রেসওয়ের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

পরদিন মঙ্গলবার বিকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কামাল জামান মোল্লার দলীয় মনোনয়ন স্থগিত করা হয়।

বিক্ষোভের পর মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন স্থগিত

মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল দাবিতে বিক্ষোভ

মনোনয়ন না পেয়ে মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ