১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কলেজ পড়ুয়া ছেলেকে আটক, পরে বাবার মৃত্যু

সাইফের মা তাহমিনা আক্তার নাসরিন বলেন, সাইফ কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার বিরুদ্ধে কোনো মামলাও ছিল না।

কলেজ পড়ুয়া ছেলেকে আটক, পরে বাবার মৃত্যু
সাইফ মোহাম্মদ আলী।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2024, 12:26 AM

Updated : 26 Aug 2026, 10:07 AM

কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে লক্ষ্মীপুরে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। তাকে আটক করার পর ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে মারা গেছেন তার বাবা। 

মঙ্গলবার ভোরে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কালু হাজী সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আইনজীবী মহসিন কবির মুরাদ। 

আটক হওয়া সাইফ মোহাম্মদ আলী লক্ষ্মীপুর সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। মারা গেছেন তার বাবা সামছুল আলম মামুন (৫২)।

পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার রাতে সাইফকে আটক করতে তাদের কালুহাজী সড়কের বাসায় অভিযান চালায় সদর থানা পুলিশ। সাইফকে ঘুম থেকে তুলে আটক করে নিয়ে যাওয়ার সময় বাধা দেন তার বাবা মামুন। 

তিনি ছেলের বিরুদ্ধে কোনো মামলা বা ওয়ারেন্ট আছে কিনা, সে বিষয়ে পুলিশের কাছে জানতে যান। তবে পুলিশ কোনো উত্তর না দিয়ে সাইফকে আটক করে নিয়ে যায়। এ সময় ছেলের দুঃখে ও আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হন মামুন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

সাইফের মা তাহমিনা আক্তার নাসরিন বলেন, সাইফ কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার বিরুদ্ধে কোনো মামলাও ছিল না। পুলিশ জোরপূর্বক করে তার ছেলেকে ধরে নিয়ে যায়। এ সময় সাইফের বাবা আতঙ্কিত হয়ে স্ট্রোক করেন। 

তিনি আরও অভিযোগ করেন, তার ছেলের বিরুদ্ধে অন্যায়ভাবে বিস্ফোরক ও নাশকতার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। 

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ছেলের মুক্তির দাবি জানান তিনি।

সদর থানার ওসি মো. ইয়াছিন মজুমদার ফারুক বলেন, নাশকতা ও বিস্ফোরক মামলায় সাইফ মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বাবার মৃত্যুর বিষয়টি সকালে শুনেছি। 

তিনি আরও বলেন, “সাইফ ছাড়াও আরও চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতা ও নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চলছে।”

এদিকে মঙ্গলবার দুপুরে সাইফকে আগে দায়ের করা নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। 

পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাইফের জামিন আবেদন করা হলে শুনানি শেষে জ্যেষ্ঠ আইনজীবি সৈয়দ মোহাম্মদ সামছুল আলমের জিম্মায় বিকাল ৫টা পর্যন্ত তার জামিন দেন বিচারক আবু সুফিয়ান মো. নোমান। 

সাইফের আইনজীবী মহসিন কবির মুরাদ বলেন, “সাইফ মোহাম্মদ আলীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। মামলা বা ওয়ারেন্ট ছাড়াই তাকে বাসা থেকে আটক করা হয়। পরে তাকে পুলিশের দায়েরকৃত নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

দুপুরে আদালতে সাইফের জামিন আবেদন করা হলে আদালত জানাজায় অংশ নিতে বিকেল ৫টা পর্যন্ত জামিন দেন। পরে সাইফ বাবার জানাযায় অংশ নেন বলে জানান এই আইনজীবী।