১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিয়েতে প্রেমিকের অনীহায় বিপাকে বাংলাদেশে আসা ভারতীয় তরুণী

সীমান্তবর্তী এলাকায় দুদিন অবস্থান করার পর মঙ্গলবার রাতে দালালের সহায়তায় কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তরুণী।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2025, 07:49 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

লালমনিরহাটের পাটগ্রামের যুবকের সঙ্গে ফেইসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছেন ভারতীয় এক তরুণী। কিন্তু প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় বিপাকে পড়েছেন তিনি।

খবর পেয়ে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান। 

২১ বছরের ওই তরুণী ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা। সেখানকার একটি কলেজের সম্মান (বিএ) দ্বিতীয় বর্ষের ছাত্রী।

তরুণী ও স্থানীয়দের বরাতে ওসি মিজানুর বলেন, পাটগ্রাম পৌর শহরের থানা পাড়ার বাসিন্দা আমিনুর রহমানের ছেলে রবির সঙ্গে তরুণীর ফেইসবুকে পরিচয় হয়েছিল। পরে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে রবি তরুণীকে বাংলাদেশে আসার জন্য বলেন।

তার জের ধরে শনিবার কলেজ থেকে বের হয়ে তরুণী সীমান্তবর্তী এলাকায় দুই দিন অবস্থান করার পর মঙ্গলবার রাতে দালালের সহায়তায় কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। 

তবে পাটগ্রামে আসার পর রবি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। তিনি অসহায় হয়ে পরে বাংলাদেশি এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন ওই তরুণী।

ভুক্তভোগী তরুণী সাংবাদিকদের বলেন, “ফেইসবুকে পরিচয়ের পর দেড় বছর প্রেম করি। রবি আমাকে বাংলাদেশে আসতে বলে। আমি এসেছি শুধু তাকে বিয়ে করার জন্য। এখন সে বিয়ে করতে চাইছে না। আমি চাই প্রশাসন আমাকে সাহায্য করুক। রবি বিয়ে না করলে আমি আর কিছুই চাই না।”

ওসি মিজানুর রহমান বলেন, “খবর পেয়ে ভারতীয় তরুণীকে আমরা উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তিনি এখন পুলিশের হেফাজতে আছেন। ঘটনার পর থেকে রবি পলাতক। “

“বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ বিষয়ে রবির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ কথা বলতে রাজি হননি।