বন্ধুদের নিয়ে মদের আসর, স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় যুবক
মুন্সীগঞ্জের মিরকাদিম পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
মুন্সীগঞ্জের মিরকাদিমে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর এক যুবক থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
সদর উপজেলার মিরকাদিম পৌরসভার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান।
তিনি বলেন, স্ত্রীকে হত্যার পর মঙ্গলবার ভোর ৫টার দিকে রেস্তোরাঁ ব্যবসায়ী সুমন ওরফে শাহজাহান (৪৫) থানায় এসে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ গিয়ে তার স্ত্রী মিতু আক্তারের (২৮) মরদেহ উদ্ধার করে।
মিতু আক্তার সদর উপজেলার নৈদিঘীর পাথর এলাকার মন্টু শিকারের কন্যা। এটি তার দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামীর ঘরে তার তিনটি সন্তান রয়েছে।
অপরদিকে সুমন রিকারিবাজার বটতলা এলাকার শরিয়ত উল্লাহর ছেলে। তারও এটি দ্বিতীয় বিয়ে।
প্রতিবেশী ও স্বজনদের বরাতে পুলিশ জানায়, আট মাস আগে মিতু ও সুমনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা বিষয় নিয়ে কলহ চলছিল। কিছুদিন আগে ঝগড়া করে মিতু তার বাবার বাড়িতে চলে যান। সোমবার সুমনের বন্ধুরা তাকে বাড়িতে ফিরিয়ে আনে।
সদর থানার ওসি সাইফুল আলম বলেন, গভীর রাতে সুমন বন্ধুদের নিয়ে মদের আসর বসায়। পরে রাত ২টার দিকে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। ভোরে থানায় এসে হত্যার কথা জানান তিনি। তার বন্ধুদের সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মরদেহ ময়নাতন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
