২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিআর পদ্ধতি জনগণ বোঝে না: মির্জা আব্বাস

“জনগণ ১৭ বছর যেভাবে আন্দোলন করেছে, প্রয়োজনে ভোটের অধিকারের জন্য আবার আন্দোলনে নামবে।”

পিআর পদ্ধতি জনগণ বোঝে না: মির্জা আব্বাস
সিলেট নগরের সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 05:42 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

জনগণ পিআর পদ্ধতি বোঝে না; তারা যে পদ্ধতিতে অভ্যস্ত সেই পদ্ধতিতেই নির্বাচনের দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেছেন, “এখন একেক রাজনৈতিক দল একেক কথা বলছে। আবার একই দল একেক সময় একেক কথা বলছে। একবার বলছে- নির্বাচন হবে। আবার বলছে, এই অবস্থায় নির্বাচন সম্ভব না। আবার কখনো বলে, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে; জনগণ কখনো শুনে নাই। কাকে পিআর পদ্ধতি বলে তা জনগণ বোঝে না।”

সোমবার দুপুরে সিলেট নগরের পাঠানটুলা এলাকায় সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড জাহিদ হাসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, হাবিবুর রহমান এবং তাহসীনা রুশদীর লুনা বক্তব্য দেন।

নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী কোনো সরকার হতে পারে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমি পরিষ্কার করে বলে দিতে চাই, এমন অবস্থা চলতে থাকলে মবোক্রেসি আরও বাড়বে। দেশে বিনিয়োগ আসবে না, মা-মেয়েরা নিরাপত্তা হারাবে, জুডিশিয়াল ব্যবস্থা ভেঙে পড়বে, আইনশৃঙ্খলা ভেঙে পড়বে। 

“এই অবস্থার উন্নতির জন্য প্রয়োজন নির্বাচিত সরকার। যাদের পেছনে জনসমর্থন আছে। যে সরকারের পেছনে রয়েছে জনগণ। তাই নেতাকর্মীরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। মানুষের কাছে যান। মানুষ যাতে বুঝতে পারে বিএনপি ছাড়া আমাদের কোনো উপায় নাই।”

আওয়ামী লীগ সরকারের পতনের প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, “হাসিনা হঠাৎ করে এমনি-এমনি পালায় নাই; বহু মানুষের সংগ্রাম, রক্ত, ত্যাগ মিলিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হলাম। আমরা তো লড়াই করেছি গণতন্ত্রের জন্য। 

“আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষ কথা বলতে পারবে, বাক স্বাধীনতা থাকবে, মহিলারা নিরাপত্তা পাবে, তরুণরা কাজের সুযোগ পাবে, মানুষ চিকিৎসার সুযোগ পাবে এমন একটা দেশ আমরা চাই। সেই দেশ তৈরির জন্য নতুন করে লড়াই শুরু করেছি। আমাদের এই সংগ্রামের নেতা তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থাতেও আমাদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।”

জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা দাবি করে মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ বড় বড় কথা বলে কিন্তু শেখ মুজিব বাকশাল করে একদলীয় শাসন কায়েম করেছিল। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল। সেই অবস্থা থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।

“আমরা সেই দল, যে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, কর্মস্থান সৃষ্টি করতে চাই এবং বাংলাদেশকে উন্নত রাষ্ট্র করতে চাই। আর এর জন্য বিএনপি ৩১ দফা দিয়েছি।”

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস জুনের শুরুর দিকে যুক্তরাজ্যে এক সফরে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের সময় ঠিক করেছেন।

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সময় ঠিক করায় ড. মুহম্মদ ইউনূসকে ধন্যবাদ বিএনপির মির্জা ফখরুল। 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দেশ গঠন সহজে হবে না, শত্রু অনেক। আমাদের বিরুদ্ধে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে। কেউ যাতে আঙ্গুল তুলে না বলতে পারে আমরা জমি দখল করেছি, চাঁদাবাজি করেছি, জায়গা দখল করেছি। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”

নির্বাচনে পিআর পদ্ধতি চাওয়া রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তাদেরকে এই বিষয়ে জেনে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির শীর্ষ এই নেতা।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একদল লোক নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চাচ্ছে। আর একদল লোক নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।

“আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি। ১৭ বছরের আন্দোলনের ফলে সরকারের পতন ঘটেছে। হাসিনা চলে গেছে। কিন্তু হাসিনার দোসররা এখনও দেশ ছাড়ে নাই। তারা এখনও ষড়যন্ত্র করছে। প্রশাসনের বিভিন্ন স্তরে শেখ হাসিনার লোকেরা এখনও রয়ে গেছে। 

“একেবারে সচিবালয় থেকে ইউনিয়ন পর্যন্ত। তারা চাচ্ছে না বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। চাচ্ছে না দেশে গণতন্ত্র ফিরুক। আর আরেক শ্রেণির লোক আছে, ক্ষমতায় বসে তারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে। নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকতে চাইছে।”

জনগণ ১৭ বছর যেভাবে আন্দোলন করেছে, প্রয়োজনে ভোটের অধিকারের জন্য আবার আন্দোলনে নামবে বলে অন্তবর্তীকালীন সরকারকে সতর্ক করেন মির্জা আব্বাস।

সিলেট নগরের সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেট নগরের সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকীর পরিচালনায় সভায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বক্তব্য দেন।

সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন কী?

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি দলই সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি প্রার্থী তালিকা নির্বাচন কমিশনে দেয় এবং তালিকাটি গোপন রাখা হয়। প্রতিটি দল যে পরিমাণ ভোট পায় সেই আলোকে ওই তালিকা থেকে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিনিধি পায়। 

যেমন, বিদ্যমান ৩০০ আসনের সংসদ নির্বাচনে যদি কোনো দল ১ শতাংশ ভোট পায়, তাহলে আনুপাতিক হারে তারা সংসদে ৩টি আসন পাবে। এরপর প্রকৃত সংখ্যাগরিষ্ঠের সরকার গঠনের জন্য মোট প্রাপ্ত ভোটের ৫১ শতাংশ যে দল পাবে তারা সরকার গঠন করবে। 

এ ছাড়া কোনো দল এককভাবে ৫১ শতাংশ না পেলে একাধিক দল মিলে জোট গঠন করেও সরকার গঠন করতে পারে। অর্থাৎ এই পদ্ধতিতে ভোটাররা ভোট দেন দলকে, কোনো ব্যক্তিকে নয়। কারণ আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত করতে গেলে সংসদে ছোট বড় মাঝারি সব দলেরই সদস্য থাকবে। এতে অনেক শক্তিমান প্রার্থী বাদ পড়বেন।

বিদ্যমান এফপিটিপি পদ্ধতিতে ভোট হওয়ায় দলগুলো প্রতিটি আসনে এমন সব প্রার্থীকে মনোনয়ন দেয় যাদের নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা বেশি; সেটি যেভাবেই হোক। এ কারণে বেছে বেছে শক্তিশালী প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হয়। দলে এবং কমিউনিটিতে কার গ্রহণযোগ্যতা কতটুকু, জনগণের সঙ্গে কার যোগাযোগ বেশি, কার শিক্ষাদীক্ষা ও সংস্কৃতি কেমন—এসব বিবেচনায় আসে না। বরং যিনি মেরে-কেটে কিংবা যে করেই হোক নির্বাচনি বৈতরণী পার হয়ে আসতে পারবেন বলে দলের হাইকমান্ড মনে করে—তাকেই মনোনয়ন দেওয়া হয়।

যেহেতু এই পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক ভোট বেশি পেলেও তিনি জয়ী, সুতরাং এই একটি ভোট বেশি পাওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেন এবং নানারকম অপশক্তি প্রয়োগ করেন।