০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

পাবনায় মিছিলে প্রদর্শন করা আওয়ামী লীগ নেতার পিস্তল জব্দ

এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি হয়েছে বলেও জানায় পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2024, 09:41 PM

Updated : 02 Jan 2024, 09:41 PM

পাবনায় মিছিলে প্রদর্শন করায় সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতার পিস্তল জব্দ করেছে পুলিশ।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক শফিকুল ইসলাম শফির লাইসেন্স করা পিস্তলটি জব্দ করা হয়েছে। একইসঙ্গে থানায় সাধারণ ডায়েরি হয়েছে।

সাঁথিয়া থানা পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদের নির্বাচনি এজেন্ট আব্দুল বাতেনসহ সমর্থকদের বিরুদ্ধে মামলা হয়।

মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গত শনিবার বিকালে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল হয়।

শফিকুল ইসলাম শফি কোমরে পিস্তল নিয়ে সেই মিছিলে অংশ নেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শফিকে প্রকাশ্যে অস্ত্রসহ দেখা গেলে আলোচনা শুরু হয়। পরে পুলিশ আগ্নেয়াস্ত্রটি জব্দ করে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে ২১ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সব বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। সে অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি করেন, পাবনা জেলা ম্যাজিস্ট্রেট মু. আসাদুজ্জামান।

কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম সরকারের নির্দেশনা অমান্য করে তার লাইসেন্স করা পিস্তল প্রদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, “বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন পাঠানো হবে।”

এ বিষয়ে বক্তব্য জানতে শফিকুল ইসলাম শফিকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান বলেন, “আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনি আইন লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।”