নবীনগরে অবৈধভাবে বালু তোলায় তিনজনের কারাদণ্ড, ৫ লাখ টাকা অর্থদণ্ড
জরিমানার টাকা আদায় ও আটকদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান নির্বাহী হাকিম।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অবৈধভাবে বালু তোলার দায়ে তিনজনের কারাদণ্ড ও একজনকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব দণ্ড দেওয়া হয় বলে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম তানভির ফরহাদ শামীম জানান।
তিনি আরও জানান, উপজেলার জাফরাবাদ বালুমহালে নির্দিষ্ট সংখ্যকের চেয়ে অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ইজারাদারের প্রতিনিধি মো. সাদেক মিয়াকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করে সঙ্গে সঙ্গে আদায় করা হয়।
এছাড়া চর মানিকনগরে মেঘনা নদীর পাড়ে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানান নির্বাহী হাকিম তানভির ফরহাদ শামীম।
