২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-মেয়ের মৃত্যু, দগ্ধ ৪

স্থানীয়রা জানান, ইয়াকুব মিয়ার বসতঘর লাগোয়া দোকান। মধ্যরাতে হঠাৎ রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরের আগুন ধরে যায়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2023, 01:48 PM

Updated : 21 Aug 2023, 01:48 PM

সিলেটের গোয়াইনঘাটে বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-মেয়ে নিহত ও একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। 

রোববার মধ্যরাতে উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান। 

নিহতরা হলেন: ইয়াকুব মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও মেয়ে সুমাইয়া আক্তার (১৩)।

এছাড়া ইয়াকুব মিয়া, তার মা এবং অন্য দুই সন্তান দগ্ধ হয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ইয়াকুব মিয়ার বসতঘর লাগোয়া দোকান। মধ্যরাতে  হঠাৎ রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।