আগুন-সন্ত্রাস করলে সমুচিত জবাব, বিএনপিকে খাদ্যমন্ত্রী
“কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে ২৭ ধরনের ওষুধ পাচ্ছে জনগণ।”
অতীতের মত নির্বাচনের সময় আগুন-সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেছেন, “বেশি বাড়াবাড়ি করবেন না। আগের মত আগুন সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়া হবে। এদেশের মানুষ সন্ত্রাসীদের সমর্থন করে না।”
শুক্রবার দুপুরে সাপাহারে চৌধুরী চান মোহাম্মাদ মহিলা কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, “শেখ হাসিনা সরকারের উপকারভোগী সব দলের, সব ধর্মের মানুষ। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মুক্তিযোদ্ধাদের সন্মানী ভাতা বাড়িয়েছেন তিনি। বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে সরকার।
প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছাতে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, “উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে হবে। তিনি বলেছিলেন, নিজের টাকায় পদ্মা সেতু করবেন। তিনি সেটা করে বিশ্ববাসীকে আমাদের সক্ষমতা দেখিয়ে দিয়েছেন। সরকার উড়াল সেতু, বঙ্গবন্ধু ট্যানেল, এক্সপ্রেসওয়ে, মেট্রো রেলের মত মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছে।
খাদ্যমন্ত্রী বলেন, “শেখ হাসিনার সরকার স্বাস্থ্যসেবা দিতে প্রতি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিল। নারী ও শিশুদের কাছে আস্থার প্রতিষ্ঠান ছিল কমিউনিটি ক্লিনিক। অথচ বিএনপি সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে তাদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও কমিউনিটি ক্লিনিক চালু করেছে। সেখান থেকে বিনামূল্যে ২৭ ধরনের ওষুধ পাচ্ছে জনগণ।”
“দেশ উন্নত হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কৃষকরা ভাল ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন। ১৫ টাকার খাদ্যবান্ধব কর্মসূচি ও ৩০ টাকায় ওএমএসের চাল দিয়ে সাধারণ মানুষের পাশে আছে সরকার”, যোগ করেন সাধন চন্দ্র।
উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ফাহিমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাহজাহান হোসেন, সাধারণ সম্পাদক মো. মাসুদ রেজা সারোয়ার, নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সোমা মজুমদার।
সম্মেলনের উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার সভাপতি মোছা. পারভিন আক্তার। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাপাহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনা।
সম্মেলনে সভাপতি হিসেবে ফাহিমা বেগম ও সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনার নাম ঘোষণা করা হয়।
