সিলেটে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
পুলিশ জানায়, পুকুরে নামার এক পর্যায়ে তাদের মৃতদেহ ভেসে ওঠে।
সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বিকাল ৫টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে বলে বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী জানান।
নিহতরা হলেন- নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সিরাজ মিয়ার ছেলে রিহান আহমদ ইয়াসিন (১০) ও একই গ্রামের টিটন মিয়ার ছেলে ইউসুফ রুহান (১১)। তারা সম্পর্কে ফুফাত-মামাত ভাই।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “রিহান ও রুহান পরিবারের সঙ্গে বিশ্বনাথ পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডের চানসিরকাপন গ্রামের একটি কলনিতে ভাড়া বাসায় থাকতেন। তাদের বাবা দিনমজুর।
“রোববার বিকালে রিহান ও রুহান পুকুরে নামে। এক পর্যায়ে তাদের কোনো হদিস না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। কিছু সময় পরে তাদের মৃতদেহ পুকুরের পানিতে ভেসে ওঠে।”
পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
