নাটোরে প্রতিবন্ধী কিশোরীকে যৌন নিপীড়নের আসামি গ্রেপ্তার
রাজশাহীর বাঘা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে যৌন নিপীড়নের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টায় রাজশাহীর বাঘা উপজেলা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান।
আসামি পঞ্চাশোর্ধ্ব গোলাম রসুল খোদা সরকার (৫০) বাগাতিপাড়া উপজেলার একটি গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে পুলিশ জানায়, কিশোরীর বাবা একজন পরিবহন শ্রমিক। সোমবার বিকালে তিনি বাড়ি ছিলেন না। কিশোরীর মা বাড়ির পাশে ক্ষেতে কাজে ছিলেন। কিশোরী একাই বাড়ি ছিল। সেই সুযোগে আসামি বাড়ি এসে কিশোরীকে যৌন নীপিড়ন করেন।
এ সময় কিশোরীর এক আত্মীয় বিষয়টি দেখ ফেললে আসামি পালিয়ে যান। রাতেই কিশোরীর বাবা বাগাতিপাড়া মডেল থানায় মামলা করেন বলে জানান ওসি।
তিনি আরও বলেন, বুধবার আসামিকে আদালতে পাঠানো হবে।
এদিকে, এ ঘটনার বিচার ও অপরাধীর গ্রেপ্তার দাবি করে দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্থানীয় ভূমিহীন সমিতি।
