বরিশালে বাস-জিপ সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানসহ আহত ৫
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তার পরিবার নিয়ে বরিশালে যাচ্ছিলেন বলে জানায় পুলিশ।
বরিশালে যাত্রীবাহী বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে এক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ পাঁচজন আহত হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে এ ঘটনা ঘটে বলে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান।
আহতরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, তার স্ত্রী সুরাইয়া নাসরিন, বোন শাহনাজ সুলতানা, জিপের চালক আবুল কালাম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বাসযাত্রী তাবাসুম আক্তার।
বন্দর থানার ওসি মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা চেয়ারম্যান রাকিবুল তার পরিবার নিয়ে বরিশালে যাচ্ছিলেন। পথে রূপাতলী টার্মিনাল থেকে নলছিটির উদ্দেশে ছেড়ে যাওয়া জিসান আরিয়ান পরিবহনের একটি বাসের সঙ্গে জিপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে জিপে থাকা উপজেলা চেয়ারম্যানসহ চারজন এবং বাসের এক যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
ঘটনাস্থলে থাকা বন্দর থানার এসআই তোফায়েল আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর যানচলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
দুর্ঘটনা কবলিত বাস ও জিপটি জব্দ করা হয়েছে; তবে বাসচালক ও তার সহযোগী পালিয়েছেন বলে জানান তিনি।
