উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলি-ছুরিকাঘাতে নিহত ২
সন্ত্রাসী গোষ্ঠি আরসা ও আরএসও’র মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে, বলছে পুলিশ।
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের’ জেরে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, সোমবার ভোররাতে উপজেলার কুতুপালং লাল পাহাড় ৪ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্প এবং জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এর মধ্যে কুতুপালং লাল পাহাড়ে নিহত হয়েছেন ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের সি-১ ব্লকের রশিদ আহমেদের ছেলে কবির আহমেদ (২৭) এবং জমতালী ১৫ নম্বর ক্যাম্পে নিহত হয়েছেন হাবিবের ছেলে নুর বশর (৫৪)।
তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ওসি শামীম বলেন, “নুর বশরকে ৩০-৪০ জন অস্ত্রধারী সন্ত্রাসী উখিয়ার জামতলী ১৫ নম্বর ক্যাম্পের নিজ ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে রাস্তায় নিয়ে তাকে গুলি করে। একটি গুলি বুকের বাম পাশে এবং অপর গুলি বাম পাশের কোমরে লেগে ঘটনাস্থলেই মারা যান বশর।
“অপরদিকে কুতুপালং লাল পাহাড় ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের কাঁটাতারের বেড়া দিয়ে ৮-১০ জন সন্ত্রাসী বাইরে থেকে প্রবেশ করে। তারা ক্যাম্পটির স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় করতে যাওয়া কবির আহমদকে তুলে নিয়ে যায়। পরে তাকে ক্যাম্পের সীমানা কাঁটাতারের বাইরে এনে গুলি ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশের পৃথক দুইটি দল গিয়ে দুইজনের লাশ উদ্ধার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “সন্ত্রাসী গোষ্ঠি আরসা ও আরএসও এর মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বিবাদমান দুই সন্ত্রাসী গোষ্ঠির মধ্যে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।”
