০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

নিহতের বাবার সোনা মিয়া সরদার, আনোয়ার বেপারীর সঙ্গে জয়নাল মোড়লের স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

শরীয়তপুরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

দানেশ সরদার

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2022, 03:51 PM

Updated : 27 Dec 2022, 03:51 PM

শরীয়তপুরের নড়িয়ায় স্থানীয় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

সোমবার রাত ৮টার দিকে তাকে কুপিয়ে আহত করার পর গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান। 

নিহত দানেশ সরদারের (৩২) বাড়ি নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ঠাকুর কান্দি গ্রামে। তিনি সোনামিয়া সরদারের ছেলে।  

নড়িয়ার রাজনগর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোশারফ কাজী জানান, নিহতের বাবা সোনা মিয়া সরদার, আনোয়ার বেপারীর সঙ্গে জয়নাল মোড়লের স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তার জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। 

তিনি বলেন, সোমবার রাত ৮টার দিকে আন্ধার মানিক বাজার থেকে দানেশ সরদার বাড়ি ফিরছিল। পথে ওৎ পেতে থাকা দুবৃর্ত্তরা গতিরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপুর্যপুরি কুপিয়ে মারাত্নক আহত করে। 

স্থানীয়রা দানেশকে উদ্ধার করে প্রথমে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

ওসি হাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকদিন আগে বিচার-শালিস হয়েছে। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। 

লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ একজনকে আটক করলেও তার নাম প্রকাশ করেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।