কুষ্টিয়ায় তরুণকে কুপিয়ে হত্যায় ৩ বন্ধুর যাবজ্জীবন
রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
কুষ্টিয়ায় এক তরুণকে কুপিয়ে হত্যা মামলায় তিন বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত ১ এর বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে আদালতের কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান।
এ ছাড়া রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। যা অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাবাসে থাকতে হবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়ার মজমপুর এলাকার ইউসুফ হোসেন ওরফে মুক্তার ছেলে পারভেজ হোসানইন ওরফে সৌরভ (৩২), খন্দকার হামিদুজ্জামান মলিনের ছেলে খন্দকার মিহিরুজ্জামান মিহির (৩০) এবং কোর্টপাড়া এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে সাজ্জাদুল বারী ওরফে সবুজ (৩১)।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।
মামলার নথির বরাতে পিপি অনুপ কুমার নন্দী বলেন, প্রেম সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ২০১২ সালে ২৬ জানুয়ারি রাতে মোস্তাফিজুর রহমান কর্নেল (২২) নামের এক তরুণ বন্ধুদের হাতে খুন হন।
ওই রাতে বন্ধুরা মোস্তাফিজুরকে শহরের মজমপুর গেইট থেকে মোটরসাইকেলে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মণ্ডল ফিলিং স্টেশনের উত্তর পাশে চাঁদাগাড়ার মাঠে নিয়ে যায়। সেখানে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মোস্তাফিজুরের লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশের হাতে ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে আটকরা পুলিশের কাছে ওই হত্যার দায় স্বীকার করেন।
এ ঘটনায় নিহতের ভাই আসাদুর রহমান বাবু তিনজনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
মামলটির তদন্ত শেষে একই বছরের ৬ জুন কুষ্টিয়া মডেল থানার সে সময়ের উপপরিদর্শক শহিদুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেন।
