Published : 15 Apr 2026, 11:29 PM
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জ্বালানি, ভোজ্য তেল এবং এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।
তিনি বলেন, উপজেলার রাকুদিয়া এলাকায় ট্রাকে করে জ্বালানি তেল বিক্রি করা মনির সরদারকে আটক করা হয়। তার কাছে পটুয়াখালীর ‘ভাই ভাই এন্টারপ্রাইজের’ নামে বরাদ্দ দুই হাজার ৩০০ লিটার জ্বালানি তেল পাওয়া যায়। এ সময় ন্যায্যমূল্যে জ্বালানি বিক্রির মুচলেকা রেখে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে নতুন হাট এলাকার এস এ করপোরেশনের গুদামে অবৈধভাবে মজুদ করার ৪০০টি এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানের মালিক মো. আসিফ ইকবালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া রহমতপুর ইউনিয়নের এস এম ট্রেডার্সে অভিযান চালিয়ে তিন হাজার লিটার ভোজ্য তেল পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানের মালিক এস এম মাহবুব আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তাকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।