১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি

শরীফ মিয়ার অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 09:29 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে একদিন বয়সী নবজাতক চুরির অভিযোগ ওঠেছে।

রোববার দুপুরে পৌর এলাকার বাসাইলের ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটে বলে নরসিংদী মডেল থানার এসআই অনিক কুমার গুহ জানান।  

ওই নবজাতক শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার অটোরিকশার চালক শরীফ মিয়া ও মিথিলা বেগম দম্পতির। 

অটোরিকশার চালক শরীফ মিয়ার অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে।

স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মিথিলা শনিবার বিকালে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। রোববার দুপুরে হাসপাতালের কেবিন থেকে নবজাতকটি নিখোঁজ হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ন্যাশনাল হাসপাতালটির প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান বলেন, “মিথিলার নাম নিয়ে স্বজন পরিচয়ে একজন নারী হাসপাতালে ঢুকেন। এ সময় রোগীর পরিবারের লোকজনও সেখানে উপস্থিত ছিলেন। এরপরই নবজাতকটি নিখোঁজ হয়ে যায় বলে জানান রোগীর স্বজনরা।”

সিসিটিভির ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, বোরকা পরিহিত অপরিচিত এক নারী আঁচলের নিচে করে কিছু একটা নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, ওই নারী নবজাতকটি চুরি করে নিয়ে গেছেন।

নরসিংদী মডেল থানার এসআই অনিক কুমার গুহ বলেন, “নবজাতক চুরি যাওয়ার খবর পেয়ে হাসপাতালে থাকা সিসিটিভির ভিডিও সংগ্রহ করেছি। নবজাতকটি উদ্ধারের চেষ্টায় পুলিশ কাজ করছে।”