১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-নৌযান জব্দ, ৪ জনকে জরিমানা

প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের পর ভবিষ্যতে বালু উত্তোলন না করার শর্তে ড্রেজার-নৌযান ছেড়ে দেওয়া হবে বলেন সহকারী কমিশনার (ভূমি)।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 04:45 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

বরিশালের কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুইটি ড্রেজার ও দুইটি নৌযান জব্দ ও চার জনকে আটক করা হয়েছে। পরে জরিমানা দিয়ে তারা মুক্তি পেয়েছেন।

শুক্রবার গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত অভিযানে এ জরিমানা করেন নির্বাহী হাকিম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজাহারুল ইসলাম। 

জরিমানা দিয়ে মুক্ত হওয়ার চারজন হলেন- মো. জামাল হোসেন, জামাল শেখ, সুলতান হাওলাদার ও মো. সোহেল। তারা নৌযানগুলোর সুকানী।

সহকারী কমিশনার আজাহারুল ইসলাম বলেন, কীর্তনখোলা নদীর সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী অংশে এ অভিযান করা হয়। এ সময় নদী থেকে দুইটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে দুইটি নৌযান ভর্তি করা হচ্ছিল। তখন চারজনকে আটক করা হয়। 

সহকারী কমিশনার আরও বলেন, জব্দ করা নৌযানগুলি স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের পর ভবিষ্যতে বালু উত্তোলন না করার শর্তে ছেড়ে দেওয়া হবে।