টেকনাফে মামলার আসামি এক রোহিঙ্গা অস্ত্রসহ গ্রেপ্তার
তিনটি গুলি উদ্ধারের খবরও জানিয়েছে এপিবিএন।
কক্সবাজারের টেকনাফ উপজেলার শরণার্থী শিবির থেকে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তারের খবর জানিয়েছে এপিবিএন।
শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ১৬ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি হাসান বারী নুর জানান।
গ্রেপ্তার মো. ফারুক (২৯) ওই শরণার্থী শিবিরের ওলা মিয়ার ছেলে।
এপিবিএন বলছে, ফারুক সংঘবদ্ধ রোহিঙ্গা ডাকাত দলের ‘সক্রিয় সদস্য’। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক নানা অপরাধ সংঘটনের অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
হাসান বলেন, “কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সেখানে একটি ঘর থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হলেও ২/৩ জন কৌশলে পালিয়ে যায়। পরে ঘরটিতে তল্লাশি করে দেশিয় তৈরি একটি বন্দুক ও তিনটি গুলি পাওয়া যায়। "
এ ঘটনায় ফারুকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
