Published : 26 May 2026, 10:13 PM
আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরের সালথায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ সময় উভয় পক্ষের ১৫টি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়। আগুন দেওয়া হয় জমি চাষের একটি ট্রাক্টর ও খড়ের গাদায়।
উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে মঙ্গলবার বিকালে এ সংঘর্ষের ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।”
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সিংহপ্রতাপ গ্রামে আধিপত্য নিয়ে স্থানীয় হাবিবুর রহমান ও ইব্রাহিম মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। মঙ্গলবার বিকালে ইব্রাহিম মোল্লার সমর্থক ভ্যানচালক বাবু তালুকদার কাউলিকান্দা বাসস্ট্যান্ড এলাকায় গেলে তাকে হাবিবুর রহমানের সমর্থকরা মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে দুপক্ষই দেশীয় অস্ত্র ঢাল, সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওসি বাবলুর রহমান খান বলেন, “এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”