Published : 25 Mar 2026, 03:16 PM
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় করবস্থানের জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক কলেজ ছাত্রের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচ জন।
বুধবার দুপুরে দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে কালিহাতী থানার ওসি তৌফিক আজম জানিয়েছেন।
নিহত ১৭ বছর বয়সী নাঈম ইসলাম ওই গ্রামের ওসমান আলীর ছেলে ও হাতিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল।
আহতরা হলেন- সওদাগর বংশের মাজাহারুল ইসলাম (১৮), সাকিল (২৩) ও বক্কর (২০) এবং সিকদার বংশের আজিজুল সিকদার (৭৫) ও হাবিবুর রহমান (৪৫)।
তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মর্জিনা বেগম বলেন, “রামদেবপুর কবরস্থানের জমি নিয়ে প্রায় আড়াই মাস ধরে সওদাগার গ্রুপের সঙ্গে মণ্ডল ও সিদকার গ্রুপের বিরোধ চলছে। এর আগে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া ও হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি চেয়ারম্যানের উপস্থিতিতে সমাধানেরও চেষ্টা হয়েছে।
“এর জেরে মঙ্গলবার রাতে আবার তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। বুধবার সকালেও একাধিকবার সংঘর্ষ হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নাইমসহ অন্তত ছয় জন আহত হয়।”
তিনি বলেন, “নাইমসহ দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সে সওদাগার গ্রুপের ছিল।”
এছাড়াও সংঘর্ষের সময় দুটি বাড়িঘরে ঘরে ভাঙচুর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ওসি তৌফিক আজম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
নিহতের লাশ মর্গে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।