সিলেটে বিলে জাল ফেলে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
গরুকে ঘাস খাওয়াতে রাউটি বিলের দিকে গিয়েছিলেন মনতাজ আলী।
সিলেটের কোম্পানীগঞ্জে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার রাউটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ।
নিহত মনতাজ আলী (৫৫) উপজেলার ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চানপুর খেয়াঘাট এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি রতন শেখ বলেন, “মনতাজ আলী বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে গরুকে ঘাস খাওয়াতে রাউটি বিলের দিকে যান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
“তার খোঁজে মসজিদে মাইকেও ঘোষণা দেওয়া হয়। সারারাত বিভিন্ন স্থানে খোঁজার পর পরদিন সকালে স্থানীয়রা বিলে জাল ফেলে মনতাজ আলীর মরদেহ উদ্ধার করে।"
ওসি আরও বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"
