১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রংপুরে পরিত্যক্ত বস্তায় ছিল ১০টি বন্দুক, ৩৬ গুলি

ওসি শাহাজান বলেন, অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে ফেলে রেখে গেছে তা উদ্ঘাটনে তদন্ত চলছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 12:00 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

রংপুর নগরীর তাজহাট থানা এলাকায় পরিত্যক্ত দুটি বস্তা থেকে ১০টি একনলা বন্দুক এবং ৩৬টি রাবার কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত দেড়টার দিকে দর্শনা মোড় থেকে মডার্ণ মোড় মহাসড়কের পশ্চিম পার্শ্বে শুঁটকির আড়ত এলাকায় পুলিশ-সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহাজান আলী। 

মঙ্গলবার সকালে ওসি শাহাজান আলী বলেন, অভিযান পরিচালনার সময় শুঁটকির আড়তের পাশে বাউন্ডারি ঘেরা এক বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো তল্লাশি করে ১০টি একনলা বন্দুক এবং ৩৬টি রাবার কার্তুজ উদ্ধার করা হয়। 

উদ্ধার করা অস্ত্র ও গুলি তাজহাট থানায় নেওয়া হয়। পরে এ বিষয়ে তাজহাট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ওসি শাহাজান আরও বলেন, অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে ফেলে রেখে গেছে তা উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।