কোটা: ৮ কিলোমিটার হেঁটে স্মারকলিপি দিলেন শাবি শিক্ষার্থীরা
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌনে এক ঘণ্টার মত অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটা সংস্কার করে সংসদে আইন পাশ ও ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রায় আট কিলোমিটার গণপদযাত্রা শেষে স্মারকলিপি দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার দুপুর ২টায় সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে রাষ্ট্রপতি বরাবর এ স্মারকলিপি প্রদান করেন তারা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিফ, আন্দোলনকারী শিক্ষার্থী নূর মো. বায়েজিদ ও ফয়সাল হোসেনের কাছ থেকে এই স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
পরে স্মারকলিপি রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবেন বলে শিক্ষার্থীদের নিশ্চিত করেন শেখ রাসেল হাসান। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
এর আগে বেলা সাড়ে ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে জেলা প্রশাসনের কার্যালয় পর্যন্ত দীর্ঘ আট কিলোমিটার পায়ে হেঁটে স্মারকলিপি দিতে যান শিক্ষার্থীর।
পথে সিলেট মহানগরের মদিনা মার্কেট, সুবিদবাজার থেকে পুলিশ লাইন হয়ে লামাবাজার, সেখান থেকে খুলিয়াপাড়া, জিতুমিয়ার ও তালতলা পয়েন্ট ঘুরে গন্তব্যস্থলে পৌঁছান তারা।
এসময় কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ। বিভিন্ন স্থান থেকে এ গণপদযাত্রায় সিলেটের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন।
দুপুর সোয়া ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক হাজারেরও বেশি শিক্ষার্থী জমায়েত হন। এসময় পৌনে এক ঘণ্টার মত অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিফ।
তিনি বলেন, “আমরা আন্দোলন করতে চাই না। শ্রেণিকক্ষে ফিরে গিয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখতে চাই। গবেষণাগারে ফিরে যেতে চাই। তাই শিগগিরই সংসদে অধিবেশন ডেকে আইন পাশ করে আমাদের দাবি মেনে নেওয়া হোক। তা না হলে আমাদের আন্দোলন আরো জোরালো হবে।”
আন্দোলনকারী আরেক শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, “আমাদের অধিকার আদায়ে শান্তিপূর্ণ সমাবেশ করে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় আমাদের শিক্ষার্থীদের উপর উল্টো মামলা করা হয়।”
এর তীব্র নিন্দা জানিয়ে ফয়সাল বলেন, “২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার করে নিতে হবে। এসব হামলা কিংবা মামলা দিয়ে ছাত্রসমাজকে আন্দোলন থেকে সরানো যাবে না। আমরা আমাদের অধিকার আদায় করেই ঘরে ফিরে যেতে চাই।”
এদিকে, জেলা প্রশাসকের কাছে হস্তান্তরিত রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, “২০১৮ সালের পরিপত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। কেননা শিক্ষার্থীরা সব গ্রেডের সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার চেয়েছিল। সরকারি চাকরিতে সব গ্রেডে ৫ শতাংশ কোটাকে ছাত্রসমাজ যৌক্তিক মনে করে।
“ছাত্রসমাজের শেষ আশ্রয়স্থল হিসেবে আপনার নিকট আকুল আবেদন জানাচ্ছি যে, জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করে বাধিত করবেন। অন্যথায়, ছাত্রসমাজ নিজেদের অধিকার রক্ষায়, বৈষম্যমুক্ত ও মেধাভিত্তিক বাংলাদেশ নির্মাণে সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে।”
আরও পড়ুন
