২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর: বিএনপিতে ‘দ্বন্দ্ব’, ‘পোক্ত’ হচ্ছে জামায়াত

খালেদা জিয়া ও এ জেড এম জাহিদ হোসেনের আসনে কোনো ঝামেলা নেই বলে নেতাকর্মীদের ভাষ্য।

মোর্শেদুর রহমান

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 09:18 AM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি আসনের মধ্যে চারটি আসনে বিএনপির প্রার্থী নিয়ে দলীয় ‘দ্বন্দ্ব’ দেখা যাচ্ছে। এই সুযোগে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী এসব আসনে নিজেদের অবস্থার শক্ত করছে।

বিএনপি নেতাকর্মীদের আশঙ্কা, দলীয় ‘দ্বন্দ্ব-কোন্দল’ মোকাবিলা করতে না পারলে এসব আসনে বিএনপিকে ‘ভরাডুবির মুখে’ পড়তে হতে পারে। 

এর মধ্যে তিনটি আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিত প্রার্থী প্রতিদিনই সমাবেশ, বিক্ষোভ ও মশাল মিছিল চালিয়ে যাচ্ছেন। 

অপরদিকে বিএনপি প্রার্থীরাও তাদের বিশাল কর্মী বাহিনী নিয়ে নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন। 

দিনাজপুর-৩ (সদর) আসনে খালেদা জিয়া এবং দিনাজপুর-৫ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে দল থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। 

এ দুটি আসনে কোনো ঝামেলা নেই। দলের সব পর্যায়ের নেতাকর্মীরা নির্বাচনি প্রচারে তাদের পক্ষে মাঠে নেমেছেন। 

দিনাজপুর-১:

বীরগঞ্জ ও কাহারোল উপজেলা নিয়ে গঠিত এই আসনে দলীয় প্রার্থী বিএনপি বীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মনজুরুল ইসলাম। মনোনয়ন বঞ্চিত হয়েছেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু। তার সমর্থকরা প্রার্থী পরিবর্তনের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করছেন। 

জাকির হোসেন ধলুর অভিযোগ, “মনজুরুল ইসলাম বিগত আন্দোলনে মাঠে ছিলেন না। তিনি প্রায় সময় বিদেশে অবস্থান করেন এবং সংগঠনে সময় দেন না। দলের নেতাকর্মীরা তার পক্ষে নেই।” 

তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করে মনজুরুল ইসলাম বলেন, ১৭ বছরে তিনি প্রতিটি আন্দোলনে মাঠে নেতাকর্মীদের সঙ্গে ছিলেন। ব্যবসায়িক কাজে বিদেশে যাতায়াত করলেও তার অবস্থান বরাবর এলাকাতেই। নেতাকর্মীদের সমর্থনেই তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। দলের হাই কমান্ড ও নির্বাচনি বোর্ড তার অতীত কর্মকাণ্ড ও যোগ্যতা বিবেচনা করেই তাকে প্রার্থী ঘোষণা করেছে। 

এই আসনে দলের একটি অংশ বিরোধিতা করলেও মনজুরুল ইসলামের জন্য তেমন ঝুঁকি নেই বলে মনে করছেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার। তার দাবি, “মনজুরুল ইসলাম রাজনীতির বাইরেও অনেক সমাজসেবামূলক কাজে জড়িত থাকায় তার প্রতি তৃণমূল মানুষের ব্যাপক সমর্থন রয়েছে।” 

দিনাজপুর-২:

বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি ঘোষিত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরীর প্রার্থিতা বাতিলের দাবিতে সোচ্চার রয়েছেন অপর তিন শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী। তারা হলেন বজলুর রশিদ, মঞ্জুরুল ইসলাম ও মোজাহারুল ইসলাম। 

এই তিনজন বিভিন্ন সমাবেশে একই সুরে অভিযোগ করেছেন, প্রার্থী সাদিক রিয়াজ বিএনপির সঙ্গে থাকলেও বিগত আন্দোলনে মাঠে ছিলেন না। মামলা ও নির্যাতন-নিপীড়নের শিকার নেতাকর্মীদের পাশে তাকে পাওয়া যায়নি। 

তবে বিএনপি প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, “তারা মনোনয়ন না পেয়ে আমার বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। এর আগে তো এমন অভিযোগ কেউ করেননি। 

“দলের নির্বাচনি বোর্ড এলাকায় আমার অবস্থান ও কর্মকাণ্ড পর্যালোচনা করেই মনোনয়ন দিয়েছে। যারা বিরোধিতা করছে তারা আসলে দলের বিপক্ষে কাজ করছেন।” 

বিরল উপজেলার বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মী রাহাত হোসেন বলেন, “বিরোধিতাকারীদের বাগে আনতে না পারলে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর জন্য তা আশীর্বাদ হবে।” 

স্থানীয় স্কুলশিক্ষক রমজান আলী বলেন, “যারা বিএনপি প্রার্থীর বিরোধিতা করছেন, তারা তিনজনই এলাকায় প্রভাবশালী এবং তাদের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক রয়েছে। এ ছাড়া এখানে জামায়াতে ইসলামীর প্রার্থীর অবস্থান আগে থেকেই ভাল।”

দিনাজপুর-৪:

চিরিরবন্দর ও খানসামা উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিঞা। তার মনোনয়ন বাতিলের দাবিতে অপর দুই মনোনয়ন প্রত্যাশী বিএনপির প্রবীণ নেতা অ্যাডভোকেট আব্দুল হালিম এবং অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান একজোট হয়ে সমর্থকদের নিয়ে মাঠে সোচ্চার রয়েছেন। বিএনপির কর্মী সমর্থকদের একটি বড় অংশ আখতারুজ্জানের পুরোপুরি বিপক্ষে অবস্থান নিয়েছে। 

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ নেতা অ্যাডভোকেট আব্দুল হালিমের অভিযোগ, “বিভিন্ন কারণে এখানে আখতারুজ্জানের জনপ্রিয়তায় ধস নেমেছে। জামায়াতে ইসলামীর প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা অনেক এগিয়ে আছেন। এখানে প্রার্থী পরিবর্তন করা না হলে এই আসনটি জামায়াতের দখলে চলে যাবে।”

তবে আখতারুজ্জামান মিঞা দাবি করেন, দলের হাই কমান্ড সব কিছু দেখেশুনে তাকে মনোনয়ন দিয়েছে। দীর্ঘ সময়ে মাঠে থেকেই তিনি রাজনীতি করে আসছেন। 

কারো নাম না বলে তিনি বলেন, “পটপরিবর্তনের পর হঠাৎ করেই মাঠে এসে নেতা হওয়া যায় না।” 

দিনাজপুর-৫:

পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসন। এখানে শুরু থেকেই বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের বিভক্তি অনেকটাই স্পষ্ট ছিল। ফলে প্রথম দফায় এখানে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। দ্বিতীয় দফায় লন্ডন প্রবাসী ব্যারিস্টার কামরুজ্জানকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।  

এখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন প্রবীণ নেতা সাবেক সংসদ সদস্য এ জেড এম রেওয়ানুল হক, বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এস এম জাকারিয়া বাচ্চু। 

মনোনয়ন ঘোষণার পর থেকেই অপর দুই নেতা নিজেদের কর্মী-সমর্থকদের নিয়ে নিজ নিজ অবস্থান থেকে প্রায় প্রতিদিনই বিক্ষোভ, সমাবেশ, সড়ক অবরোধ করছেন। এদের দুজনেরই বাড়ি পার্বতীপুর উপজেলায়। এখানে ভোটার সংখ্যা ফুলবাড়ী উপজেলার দ্বিগুণ। পার্বতীপুর উপজেলার ভোট দিয়েই বরাবর এই আসনে জয়-পরাজয় নির্ধারিত হয়ে থাকে। 

উপজেলা বিএনপির এক নেতা বলছিলেন, “প্রার্থিতাকে কেন্দ্র করে দ্রুত সময়ে দলীয় দ্বন্দ্ব-কোন্দল নিরসনে ব্যর্থ হলে বিএনপিকে এর খেসারত দিতে হবে।”