২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আবৃত্তিশিল্পীর মৃত্যুর ঘটনায় `প্রেমিক’ গ্রেপ্তার

নিপার বোনের দায়ের করা আত্মহত্যার প্ররোচণার মামলার আসামি তিনি।

বরিশালে আবৃত্তিশিল্পীর মৃত্যুর ঘটনায় `প্রেমিক’ গ্রেপ্তার

সামসুন্নাহার নিপা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 04:01 PM

Updated : 29 Aug 2022, 02:19 PM

বরিশালে আবৃত্তি শিল্পী সামসুন্নাহার নিপার আত্মহত্যার প্ররোচণার মামলায় তার কথিত প্রেমিককে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার আমিরুল ইসলাম আমিরকে গ্রেপ্তারের পর বরিশাল নিয়ে আসা হয় বলে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান।

গ্রেপ্তার আমিরুল ইসলাম (২৯) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পূর্বহাটি গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি নরসিংদীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে লোকমান বলেন, নিপার বোনের করা আত্মহত্যার প্ররোচণার মামলার আসামি আমিরুলকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

গত ৩ অগাষ্ট আবৃত্তি শিল্পী নিপার লাশ নগরীর উত্তর মল্লিক রোড উদীচীর গলির জাহান ম্যানশনের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পুরনো খবর:

বরিশালে ফেইসবুকে পোস্ট দিয়ে আবৃত্তিশিল্পীর ‘আত্মহত্যা’

ফেইসবুকে নিজের আইডিতে ‘চলে যাওয়া মানে প্রস্থান নয়’- পোস্ট দিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন নিপা। তিনি আবৃত্তিতে মাগুরার জিয়াউল হক স্বর্ণপদক-২০২২ পেয়েছিলেন।

এ ঘটনায় গত ১৩ আগস্ট নিপাকে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন বোন ডালিয়া আক্তার। মামলায় আমিরুলের সঙ্গে নিপার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের কথা উল্লেখ করা হয়।

নিপা বিয়ের জন্য চাপ দিলে আমিরুল তা প্রত্যাখ্যান করে এবং তাকে আত্মহত্যায় প্ররোচিত করে বলে পরিদর্শক লোকমান জানান।