২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে বাস ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ

অভিযোগের বিষয়ে জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2024, 08:10 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও তার লোকজনের বিরুদ্ধে একটি বাসে ভাঙচুরের পর চালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ করায় এক যাত্রীকেও মারধর করা হয়।

শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম জানান।

মারধরের শিকার ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা আসিয়ান পরিবহনের বাসচালক মো. নয়ন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

নয়ন বলেন, “ঢাকার গুলিস্তান থেকে ছেড়ে আসা বাসটির যাত্রী ছিলেন ইকবাল হোসেন। সড়কে যানজট থাকার কারণে ঘন ঘন ব্রেক কষায় যাত্রীরা বিরক্ত হচ্ছিলেন। আমার তো কিছু করার ছিল না। কিন্তু আমাকে ওই নেতা ধমক দিতে থাকেন। পাল্টা উত্তর দিলে তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। গাড়ি যখন সানারপাড় আসে তখন ২৫-৩০ জন লোক এসে গাড়ি ভাঙচুর করে ও আমাকে বেধড়ক মারধর করে। তখন হাতে-পায়ে ধরে ক্ষমা চাইলে তারা আমাকে ছেড়ে দেয়। যাওয়ার আগে তার একটা ভিজিটিং কার্ডও আমার হাতে ধরিয়ে দেয়।”

ওই বাসেই নারায়ণগঞ্জ ফিরছিলেন ফতুল্লার বাসিন্দা মিনহাজ আমান। বাস ভাঙচুর ও চালককে মারধরের ঘটনার প্রতিবাদ জানালে তাকেও চর-থাপ্পর দেয় ওই বিএনপি নেতার লোকজন।

“বারবার ব্রেক কষায় সব যাত্রীরাই বিরক্ত ছিল। কিন্তু আমি শুধু বলেছি, এইভাবে গাড়ি ভাঙচুর করা ও মারধর করাটা আপনার (ইকবাল) ঠিক হয়নি। এই কথা বলায় তার লোকজন আমাকেও চর-থাপ্পর মারে”, বলেন আমান।

ইকবাল হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। অভিযোগের বিষয়ে জানতে তার মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম বলেন, “বিষয়টি আমি জেনেছি অন্য মাধ্যমে। ভুক্তভোগী বা বাসের মালিকপক্ষ থেকে কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”