২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে, জোটে যাবে না: হাসনাত আবদুল্লাহ

“নির্বাচনে কোনো ধরনের অর্থ খরচ ছাড়া যদি ৫০০ ভোটও পাই, সেটাই এনসিপির জন্য অনেক কিছু। জনগণ যে সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে নেব।”

এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে, জোটে যাবে না: হাসনাত আবদুল্লাহ
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সমন্বয় সভায় বক্তব্য দেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 10:26 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবে, কোনো জোটে যাবে না বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, “এনসিপি জোটে যাবে না, এনসিপি স্বতন্ত্র নির্বাচন করবে। আমাদের সঙ্গে অনেকে সংস্কারপন্থি হয়ে আসতে চায়। যারা বাংলাদেশ বিশ্বাস করে, জুলাই বিশ্বাস করে, চাঁদাবাজ, টেন্ডারবাজদের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে, তাদেরকে দলে নিয়ে আমরা জোট করব।”

সোমবার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপি আয়োজিত সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, “সংসদ নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। জনগণের অংশগ্রহণে সেই নির্বাচনে কোনো ধরনের অর্থ খরচ ছাড়া যদি ৫০০ ভোটও পাই, সেটাই এনসিপির জন্য অনেক কিছু। জনগণ যে সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে নেব।”

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে; তবে যারা তার আদর্শের রাজনীতি করবে তাদেরকে এনসিপিতে স্বাগতম। হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছে। তারা আজকে বিএনপির মধ্যে কোনঠাসা।

“বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ রয়েছে, যারা কোনো অপরাধমূলক কাজে জড়িত নেই, তাদেরকে আমরা আমাদের দলে নিয়ে নেব। যারা জিয়াউর রহমান আদর্শকে বিশ্বাস করে তারা কখনো চাঁদাবাজি করতে পারে না।”

নির্বাচনের আগে জুলাই সনদের আদেশ বাস্তবায়ন দাবি করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, “এটি কোনো অর্ধ আদেশ বা অধ্যাদেশ প্রজ্ঞাপন না। এটি হতে হবে আদেশ এবং এই আদেশ অবশ্যই মুহাম্মদ ইউনূসকে দিতে হবে।”

নিজ দলের নেতাকর্মীর উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনারা অনেকেই কোরাম করছেন। কি নিয়ে কোরাম করছেন। আজকের উপস্থিতি দেখা গেছে, জেলার আট উপজেলায় যে জনপ্রতিনিধি দরকার সেই পরিমাণ লোক এখানে উপস্থিত হয়নি।

“তাহলে কীভাবে আপনারা কাজ করবেন। কোরাম করা লোকদের আমাদের প্রয়োজন নেই। ভালো ১০ জন দিয়ে এনসিপির কমিটি হবে।”

জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, “আমরা দেখছি ভালো নির্বাচন হবে। তবে অনেকেই ব্যালট না নিয়ে বুলেট বেছে নিয়েছে। তারা ভাবছে বুলেটের ভয় দেখিয়ে দেশের মানুষকে ফ্যাসিবাদী শাসনের মত নিয়ে যেতে পারবে। 

“এর মধ্যে এনসিপির বিষয়ে তারা বাড়ি বাড়ি গিয়ে বলছেন, যদি এনসিপিতে ভোট দাও, তাহলে নির্বাচনের পর খবর আছে। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, যারা ভয় পায়, তারাই জনগণকে ভয় দেখায়। যারা ভয় দেখায়, তারা অতি নিকটবর্তী ক্ষতির মধ্যে আছে। যারা সাহসী তারা ভয় দেখায় না, তারা মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করে।”

কেউ যাতে নির্বাচন বানচাল করতে না পারে এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এ নেতা।

এনসিপি চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলমের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আরিফ তালুকদার, নাভিদ নাওরোজ শাহ, মো. মাহবুব আলম এবং কেন্দ্রীয় সদস্য মো. সাইফুল ইসলাম বক্তব্য দেন।